টেইলর ফ্রিটজের হৃদয় ভেঙে
ইউএস ওপেনের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইতালির ইয়ানিক সিনার। রোববার
রাতের ফাইনালে তিনি জিতেছেন ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে।
গত মার্চ মাসে ডোপ টেস্টে
দুবার পজিটিভ হয়েছিলেন সিনার। সেই ঘটনার তদন্তের ফল ইউএস ওপেন শুরুর মাত্র তিন-চারদিন
আগে প্রকাশ পায় এবং তাকে নির্দোষ ঘোষণা করা হয়। এর ১৯ দিনের মাথায় তিনি ইউএস ওপেন শিরোপা
জিতে নিলেন দাপটে। এর মধ্য দিয়ে গড়লেন ইতিহাস। প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের এককে
শিরোপা জিতলেন ২৩ বছর বয়সী সিনার। এছাড়া ১৯৭৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের
প্রথম দুটি শিরোপা একই বছরে জিতলেন তিনি। সর্বশেষ এই কীর্তি ছিল আর্জেন্টিনার গুইলার্মো
ভিলাসের।
সিনার বলেছেন, তার সর্বশেষ
অধ্যায়টা সহজ ছিল না বলে এই শিরোপাটির মূল্য তার কাছে অনেক। এরপর শিরোপাটি উৎসর্গ করেন
অসুস্থ আন্টিকে। তিনি বলেন, ‘আমার আন্টির শরীরটা ভালো নেই। জানি না আর কতদিন তাকে আমাদের
মাঝে পাব। এটা ভালো লাগছে যে এই মুহূর্তটি অন্তত তার সঙ্গে ভাগাভাগি করতে পারছি। তিনি
আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এখনো আছেন। আমার জীবনে যদি একটি চাওয়া থাকে
তা হলো তার সুস্থ হয়ে ওঠা। যদিও দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’
এদিকে, আমেরিকানদের অপেক্ষা
আরো দীর্ঘ হলো। ২০০৩ সালে সর্বশেষ আমেরিকান খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জিতেছিলেন
অ্যান্ডি রডিক। ২১ বছর পর ফ্রিটজকে নিয়ে আশা বুক বেঁধেছিলেন আমেরিকানরা। যদিও সিনারের
সঙ্গে পেরে উঠলেন না ফ্রিটজ। হার শেষে ২৬ বছর বয়সী খেলোয়াড়টি বলেন, ‘আমি জানতাম যে
আমরা কত বছর ধরে চ্যাম্পিয়নের জন্য অপেক্ষা করছি। তাই আমি এবার কাজটি করতে পারিনি বলে
দুঃখপ্রকাশ করছি।’
এদিকে, ২০০২ সালের পর
এই প্রথম একটি বছরে টেনিসের ‘বিগ ফোর’খ্যাত রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ
ও অ্যান্ডি মারের মধ্যে কেউই গ্র্যান্ডস্লাম জিততে পারেননি।










