এক বছরেরও বেশি সময় পরে টেনিসে ফেরা ভেনাস উইলিয়ামস আসন্ন ইউএস ওপেনে খেলবেন মিশ্র দ্বৈত ইভেন্টে। ৪৫ বছর বয়সী এ তারকাকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়েছে আয়োজকরা। ছোট বোন সেরেনা উইলিয়ামস ২০২২ সালের ইউএস ওপেন খেলে অবসর নিলেও বড় বোন ভেনাসের থামার যেন কোনো লক্ষণই নেই। টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এখনো প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস অটুট তার মাঝে।
মিশ্র দ্বৈতে আমেরিকান খেলোয়াড় রিলি ওপেলকার সঙ্গে জুটি বেঁধে খেলবেন ভেনাস। দুদিন আগে ১৪টি মিশ্র দ্বৈত জুটির নাম ঘোষণা করে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)।
র্যাংকিংয়ের ভিত্তিতে আটটি জুটি সরাসরি ইউএস ওপেনে খেলার টিকিট পেয়েছে, বাকি ছয়টিকে ওয়াইল্ড কার্ড দিয়েছে ইউএসটিএ। মিশ্র দ্বৈতে যারা আছেন তাদের মধ্যে নয়জন এককে ন্যূনতম একটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন এবং ১৪ জন ডব্লিউটিএ কিংবা এটিপি র্যাংকিংয়ে শীর্ষ ১০-এর মধ্যে অবস্থান করছেন।
সরাসরি খেলার টিকিট পেয়েছেন এমা নাভারো ও ইয়ান্নিক সিনার, পলা বাদোসা ও জ্যাক ড্রাপার, ইগা সিয়ানতেক ও ক্যাসপার রুড, ইলেনা রিবাকিনা ও টেইলর ফ্রিটজ, আমান্ডা আনিসিমোভা ও হোলগার রুনে, বেলিন্ডা বেনচিক ও আলেক্সান্ডার জেরেভ, জেসিকা পেগুলা ও টমি পল এবং মিরা আন্দ্রিভা ও দানিল মেদভেদেভ। যদিও বাদোসা খেলতে চেয়েছিলেন গ্রিক প্রেমিক স্তেফানো সিসিপাসের সঙ্গে, আর ড্রাপারের খেলার কথা ছিল চীনের তারকা ঝেং কিনওয়েনের সঙ্গে।
উইলিয়ামস-ওপেলকা জুটি ছাড়া ওয়াইল্ড কার্ড পেয়েছেন এমা রাদুকানু ও কার্লোস আলকারাজ, ম্যাডিসন কিজ ও ফ্রান্সিস তিয়াফো, ওলগা দানিলোভিচ ও নোভাক জোকোভিচ এবং টেইলর টাউনসেন্ড ও বেন শেলটন। আরো দুটি জুটি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলার সুযোগ পাবে, যাদের নাম পরে ঘোষণা করবে ইউএসটিএ। এমন সম্ভাবনা রয়েছে যে মেয়েদের এককে খেলার জন্যও ওয়াইল্ড কার্ড চাইবেন ভেনাস।
ভেনাস ২০২৪ সালের মার্চে মায়ামি ওপেন খেলার পর এক বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন। গত সপ্তাহে ফেরেন ডিসি ওপেন দিয়ে। সেখানে একক ও দ্বৈতে একটি করে ম্যাচ জেতেন তিনি। আগস্টের সিনসিনাটি ওপেনে খেলার জন্যও তিনি ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
উইলিয়ামস বোনদের মধ্যে জ্যেষ্ঠ ভেনাস এককে সাতটি ও দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। দ্বৈতের সব শিরোপা জিতেছেন ছোট বোন সেরেনা উইলিয়ামসকে নিয়ে। এছাড়া মিশ্র দ্বৈতে দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন ভেনাস। সেরেনা এককে ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।
ভেনাস ৪৯টি ও সেরেনা ৭৩টি শিরোপা জিতেছেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পেশাদার টেনিসে মোট ৩১ বার মুখোমুখি হয়েছেন দুজন, এর মধ্যে ছোট বোন সেরেনা ১৯টি জয়ে এগিয়ে, ভেনাস জিতেছেন ১২টি ম্যাচে। গ্র্যান্ড স্লামে মোট নয়টি ফাইনালে মুখোমুখি হয়েছেন দুজন, যাতে সেরেনা ৭টি ও ভেনাস ২টি জয় পেয়েছেন।










