শক্তিশালী ভারতের কাছে তিন ম্যাচের টি২০ সিরিজ হারলেও ভালোই লড়াই করে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে নেয় টাইগ্রেসরা। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার ওয়ানডে সিরিজে হারমানপ্রিত কাউরের দলের মুখোমুখি নিগার সুলতানার দল। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

নারীদের ক্রিকেটে শীর্ষস্থানীয় দল ভারত। তাদের সঙ্গে যেকোনো ফরম্যাটেই লড়াই করা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জের। তবে বাংলাদেশ অধিনায়ক নিগার এখন বেশ আত্মবিশ্বাসী। তৃতীয় টি২০ জয় শেষে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ম্যাচগুলো সব সময়ই‌ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয়। মনে হয় আরেকটু ভালো খেললে সিরিজটা আমাদেরই হতো। এ জয়ে আমরা তেমন উদযাপন করিনি, কারণ সামনে অনেকগুলো ম্যাচ (ওয়ানডে) আছে। আমি মনে করি, মানসিকতা পাল্টাতে পারলে আমরা ভারতের মতো দলগুলোকে হারাতে পারি।’

তিন ম্যাচের এ সিরিজের জন্য ২৭ বছর বয়সী ব্যাটার শারমিন আক্তার সুপ্তাকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। এছাড়া ১৭ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের দুই তারকা স্বর্ণা আক্তার ও মারুফা আক্তার এবং ৪৬ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ও সাবেক অধিনায়ক সালমা খাতুন। এ তিনজনই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেও ছিলেন। যদিও সালমা শুধু প্রথম ম্যাচটি খেলেছেন, আর মারুফা ও স্বর্ণা তিনটি ম্যাচই খেলেছেন। আর শারমিন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে।

স্বর্ণার এখনো ওয়ানডে অভিষেক হয়নি। ভারতের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ২৮ বলে ২৮ রান করলেও পরের দুই ম্যাচে ভালো করতে পারেননি। মারুফা আক্তার তিনটি ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি। যদিও স্পিন-সহায়ক পিচে তিনি খুব মিতব্যয়ী ছিলেন।

অভিজ্ঞ ফাস্ট বোলার জাহানারা আলমের জায়গা হয়নি ওয়ানডে সিরিজে।

এছাড়া আরেক বোলার ফারিহা তৃষা ও উইকেটকিপার ব্যাটার রুবাইয়া হায়দারও উপেক্ষিত থেকেছেন। জাহানারা টি২০ সিরিজের পর এবার ওয়ানডে সিরিজেও অনুপস্থিত। তার বাদ পড়ার কারণ অস্পষ্ট। ৫২ ওয়ানডেতে ৪.২৬ গড়ে ৪৮ উইকেট শিকার করেছেন জাহানারা।

টি২০ সিরিজের মতো ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ১৯ জুলাই ও তৃতীয়টি ২২ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।