নিউজিল্যান্ড সফরে সবশেষ পরীক্ষায় দলের সবাই করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল থেকেই মাঠে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ বিষয়টি জানিয়েছেন।
সুজন বলেছেন, গতকাল আমাদের কভিড টেস্ট করা হয়েছে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে এখান থেকে কাল মঙ্গলবার বের হতে পারবো এবং অনুশীলনে যেতে পারবো।
টানা হোটেল বন্দি থাকার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুতি। মাঝে একদিন অনুশীলনের জন্য গেলেও বৃষ্টির কারণে তারা সেটি করতে পারেননি। পরবর্তীতে নিউজিল্যান্ড সরকারের কড়াকড়িতে অনুশীলন স্থগিত করতে বাধ্য হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ার কারণেই কড়াকড়ি আরোপ করা হয়। এছাড়া নিউজিল্যান্ডে বাংলাদেশ যে ফ্লাইটে গেছে, সেখানে একজনের করোনা ধরা পড়লে তার সংস্পর্শে আসা বাংলাদেশ দলের টেস্ট ও স্টাফ মিলিয়ে মোট নয়জনকে আইসোলেশনে রাখা হয়। এ জন্য এক সপ্তাহ শেষে আরো তিনদিন কোয়ারেন্টিন বাড়ে টাইগারদের।
কিন্তু সব বাধা পেরিয়ে এখন অনুশীলনে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। অনুশীলন নিয়ে সুজন বলেছেন, কাল লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু হবে। এখানে আমরা জিমের সুযোগটাও পাবো। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাবো। এরপর স্বাভাবিক চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো।
সুজন আরো বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।
নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট।










