ইউরোপের অন্যতম পরাক্রমশালী ফুটবল দল বার্সেলোনার এখন দুর্দিন। গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার পারফরম্যান্সের গ্রাফটা নিম্নমুখী। যদিও লিওনেল মেসি বিদায় নেয়ার পর এখন মহাসংকটের আবর্তে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা দুটি হারের পর লা লিগায় তাদের অবস্থান এখন ৯-এ। এদিকে, একই পরিস্থিতি ইতালিয়ান ফুটবলের পরাশক্তি জুভেন্টাসেরও। ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমেই জুভেন্টাস ছেড়ে নাম লিখিয়েছেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। পর্তুগিজ সুপারস্টারের বিদায়ের পর ধুঁকছে তুরিনের ওল্ড লেডিরা। বার্সার মতো তারাও রয়েছে লিগ টেবিলের ৯ নম্বরে।
ডাচ কোচ রোনাল্ড কোমানকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ সের্জি বারহুয়ানের অধীনে প্রথমবারের তো ম্যাচ খেলতে নেমে ড্র করল বার্সেলোনা। শনিবার রাতে ঘরের মাঠে অ্যালাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। ৪৯ মিনিটে মেম্ফিস ডিপের গোলে লিড নেয় বার্সা। তিন মিনিট পর অতিথিদের হয়ে সমতা আনেন লুইস রিওজা।
ড্রয়ের পরও টেবিলে অবস্থানে উন্নতি হয়নি বার্সার। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে কাতালানরা, আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একই রাতে এলচেকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে উঠেছে। ১১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৪, সমান ম্যাচে সেভিয়ার ঝুলিতেও ২৪ পয়েন্ট। যদিও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল।
প্রথম ম্যাচে দুই পয়েন্ট হারালেও বার্সার অন্তর্বর্তীকালীন কোচ স্কোয়াডের প্রশংসাই করছেন এবং তিনি ভবিষ্যত নিয়ে আশাবাদী। সের্জির কথায়, এ ম্যাচে আমরা যেমনটি পরিকল্পনা করেছি তেমনই খেলেছি; বল দখলে রাখা এবং সুযোগ বুঝে আক্রমণ করা। মঙ্গলবার কিয়েভেও (চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ) যদি আমি দায়িত্বে থাকি, তবে এই কৌশলেই খেলব আমরা। আমরা দলটাকে আবার জাগিয়ে তুলতে চাই। খেলোয়াড়রাও জানে, তারা কতটা ভালো দল এবং নিজেদের মধ্যে এই বিশ্বাসটা ধরে রাখতে হবে।
এদিকে শনিবার ভেরোনার কাছে ১-২ গোলে হেরেছে জুভেন্টাস। জিওভানি সিমিওনে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ভেরোনাকে ২-০তে লিড এনে দেন। ৮০ মিনিটে ওয়েস্টন ম্যাককেনি ব্যবধান কমালেও তা জুভেন্টাসের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। চলতি লিগে এটা ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের চতুর্থ হার। আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করে অ্যালেগ্রিকে দায়িত্বে বহাল করেও স্বরূপে ফেরানো যায়নি রেকর্ড ৩৬ বারের লিগ চ্যাম্পিয়নদের।
শনিবারের হারে জুভেন্টাসকে টপকে আট নম্বরে উঠে যায় ভেরোনা। আর শীর্ষ দল ন্যাপোলি ও এসি মিলানের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে নবম স্থানে জুভেন্টাস। পয়েন্টের এই ব্যবধান আজ আরো বাড়বে, যদি সালেরনিতানাকে হারাতে পারে ন্যাপোলি কিংবা রোমার মাঠে জয় পায় মিলান।










