বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক দেখল ক্রিকেটপ্রেমীরা। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লার তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। টুর্নামেন্টটির ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিকের রেকর্ড।

 

কুমিল্লার ইনিংসের ২০তম ওভারে শেষ তিন বলে তিন উইকেট শিকার করে এ কীর্তি গড়েছেন বামহাতি পেসার শরিফুল। ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিছুটা খরুচেই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নিলেন শরিফুল! একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

 

এর আগে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। লিটন দাসের কুমিল্লা শুরুটা ভালো করতে পারেননি। লিটন নিজেই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর ইমরুল কায়েসের ৬৬ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা। এই রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে বিনা উইকেটে শতরান পেরিয়ে যায় ঢাকা। দলীয় ১০১ রানের সময় মোহাম্মদ নাঈম শেখকে সাজঘরে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তানভীর ইসলাম। ১৩ ওভারশেষে ঢাকার সংগ্রহ ছিল ১০২/১। লংকান ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকা ৩৯ ও তার স্বদেশী লাসিথ ক্রুসপুল্লে ১ রানে ব্যাট করছিলেন।   

 

চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে আজ হ্যাটট্রিক করেছেন শরীফুল। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার চতুর্থ বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের গৌরবে ভাসলেন শরিফুল।

 

বিপিএলে সর্বপ্রথম হ্যাটট্রিক এক বিদেশি ক্রিকেটারের করা। পাকিস্তানের পেসার মোহাম্মদ শামি বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এ ছাড়া ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খুলনা টাইটানসের বিপক্ষে হ্যাটট্রিক করেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একই বছর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের হয়ে হ্যাটট্রিক করেছেন আরেক ওয়েস্ট ইন্ডিজের কৃতী অলরাউন্ডার আন্দ্রে রাসেল।