এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শনিবার বাংলাদেশকে ৫-০ গোলে হারানো জাপান আজ রোববার ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ভারতের কাছে। পুল পর্বে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ভারতের নিখুঁত রক্ষণ ও হাই প্রেসিংয়ের সামনে জাপান শুরু থেকে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি। ২০১৮ সালের এশিয়ান গেমস চ্যাম্পিয়নরা কঠোর পরিশ্রম করলেও প্রতিপক্ষের সীমানায় গিয়ে বারবার ভুল করছিল। শেষদিকে জাপান পুরোপুরি খেই হারায়। সুযোগ নিয়ে ভারত চতুর্থ কোয়ার্টারে তিন গোল করে।

১০ মিনিটে হারমানপ্রিত সিংয়ের ফিল্ড গোলে লিড পায় ভারত। প্রতিযোগিতায় এটি তার পঞ্চম গোল। সবগুলো গোলই পেনাল্টি কর্নার থেকে করেছেন পাঞ্জাব রাজ্যের অমৃতসরে জন্ম নেয়া ২৫ বছর বয়সি এ ডিফেন্ডার। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ললিত। ডানদিক থেকে পরিকল্পিত আক্রমণে গোলমুখে বল ধরেও ফাকা পোষ্টে পাঠাতে পারেননি এ ফরোয়ার্ড।

২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়োশিকি কিরিশিতার ফ্লিক ভারতীয় ডিফেন্ডার দিপসান তিরকি রুখে দেন। ২৩ মিনিটে শমসের সিংয়ের পাস ধরে ফিল্ড গোলে ভারতের দ্বিতীয় গোল করেন দিলপ্রিত সিং। ২৯ মিনিটে সোতা ইয়ামাদার পেনাল্টি কর্নার ফ্লিক রুখতে গিয়ে পুনরায় পেনাল্টি কর্নার উপহার দেন মানপ্রিত সিং। এ যাত্রায় গোলরক্ষক কৃষ্ণা বাহাদুর দারুণ সেভ করেন।

৩৪ মিনিটে জার্মানপ্রিত সিংয়ের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করে ভারত। ৪৬ মিনিটে সুমিতের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-০ হয়। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত সিং। পরের মিনিটে শমসের সিংয়ের ফিল্ড গোলে স্কোরলাইন ৬-০ করে ভারত। ৫৬ মিনিটে কেনতা তানাকা প্রতিপক্ষ গোলরক্ষক কৃষ্ণ বাহাদুরকে একা পেয়েও গোল করতে পারেননি। ৩৩ বছর বয়সি এ ফরোয়ার্ডের প্রচেষ্টা প্রথমে রুখে দেন কৃষ্ণা বাহাদুর। পরবর্তীতে বল ক্লিয়ার করেন।