এ মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অন্যতম নায়ক ছিলেন মিডফিল্ডার ইকাই গুন্দোয়ান। সিটির এ অধিনায়ক ইতিহাদে আর থাকছেন না। এ মাসেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। এরপর তিনি যোগ দেবেন বার্সেলোনায়। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি হবে তার। 

৩২ বছর বয়সী গুন্দোয়ানকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও তিনি বেছে নিলেন বার্সেলোনাকে। ধারণা করা হয়, সম্ভবত তাকে আকর্ষণীয় প্রস্তাব দেয়া হয়েছে। 

সিটি কোচ পেপ গার্দিওলা চেয়েছিলেন গুন্দোয়ানকে রেখে দিতে, যদিও জার্মান মিডফিল্ডারটি যোগ দিলেন পেপেরই সাবেক ক্লাব বার্সেলোনায়। তাকে ধরে রাখতে চাওয়ার কারণও স্পষ্ট—২০২২-২৩ মৌসুমে সিটির হয়ে ৫১ ম্যাচে ১১ গোল করেন তিনি। তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌসুমের শেষের দিকের সপ্তাহগুলোতে। শেষ সাত ম্যাচে তিনি করেছেন ছয় গোল—এর মধ্যে এফএ কাপ ফাইনালে জোড়া গোল করেন। ওই ম্যাচে ম্যানইউকে ২-১ গোলে হারায় সিটিজেনরা। 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৯০ মিনিট খেলেছেন গুন্দোয়ান, যে ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ইংলিশ জায়ানটরা। এ প্রথম ইউরোপিয়ান মুকুট জয় করে ক্লাবটি। এছাড়া প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জয় করে তারা। ১৯৯৯ সালের পর প্রথম ইংলিশ দল হিসেবে ট্রেবল জয় করে তারা।

সম্প্রতি চেলসি মিডফিল্ডার ম্যাতেও কোভাচিচকে ৩০ মিলিয়ন পাউন্ডে সই করায় সিটি। যদিও কাছাকাছি সময়ে সিটি ছেড়ে চলে গেলেন গুন্দোয়ান। ২০১৬ সালে ২০ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে সই করায় সিটি। সেই থেকে ৩০৪ ম্যাচ খেলে তিনি করেছেন ৬০ গোল। ইতিহাদে সাত বছরের অধ্যায়ে তিনি মোট ১৪টি শিরোপা জিতেছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা পাঁচটি, এফএ কাপ দুটি, কারাবাও কাপ চারটি, কমিউনিটি শিল্ড দুটি ও চ্যাম্পিয়ন্স লিগ একটি। 

ব্রাজিলের মিডফিল্ডার ফার্নানদিনহোর বিদায়ের পর ২০২২-২৩ মৌসুমে ম্যানসিটির নেতৃত্ব পান গুন্দোয়ান। যোগ্য নেতা হিসেবে তিনি এবার সিটির ট্রেবল জয়ের পেছনে অনবদ্য ভূমিকা রাখেন।