ভারতের সঙ্গে প্রথম দেখায় হার ও ভুটানের সঙ্গে ড্র করায় আগেই নিশ্চিত হয়ে যায়, এবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হচ্ছে না বাংলাদেশের। এর পরও শেষ ম্যাচে ‘চ্যাম্পিয়ন’ ভারতকে হারের স্বাদ দিল বাংলাদেশের কিশোরীরা। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা আক্ষেপ ঘুচাল অর্পিতা বিশ্বাসের দল।

এ জয়ের পর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ করল বাংলাদেশ। ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। উল্লেখ্য, গত বছর নেপালে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। প্রীতিরা এবার শিরোপা হারালেন সেই ভারতের কাছে।

অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ সাফের সাত আসরে ভারত তিনবার, বাংলাদেশ দুবার ও নেপাল একবার শিরোপা জিতেছে। ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে নেয় অতিথি দল রাশিয়া।