গত জুলাই মাসে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। সেই মহারণের পর দুই লাতিন জায়ান্ট এবার নামছে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে।
আগামীকাল শুক্রবার ভোরে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার মাঠে, আর ব্রাজিল যাবে চিলির মাঠে। আর্জেন্টিনা মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়, ব্রাজিলের খেলা সকাল ৭টায়।
বাছাইপর্বে ৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুইয়ে। পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা বাছাইপর্বে ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে।
গত বছর বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করে আর্জেন্টিনা। একুয়েডর, বলিভিয়া ও পেরুর বিপক্ষে পূর্ণ ৯ পয়েন্ট তুলে নিয়েছে তারা; লিওনেল মেসিদের দল ড্র করেছে প্যারাগুয়ে, চিলি ও কলম্বিয়ার সঙ্গে।
সদ্যই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানো মেসির নেতৃত্বে কাল খেলতে নামছে আর্জেন্টিনা। এছাড়া তারকাখচিত দলে থাকবেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আর পিএসজির অ্যাঞ্জেল ডি মারিয়া। যদিও চোটের কারণে খেলতে পারবেন না বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
আর্জেন্টিনার জন্য আশার খবর, এ ম্যাচে খেলবেন অধিনায়ক মেসি, যার সম্প্রতি অভিষেক হয়েছে পিএসজিতে। কোচ স্কালোনি বললেন, বাছাইপর্বের তিনটি ম্যাচেই মেসিকে পাবেন তিনি। কালকের ম্যাচের পর রোববার রাতে সাও পাওলোয় ব্রাজিলের বিপক্ষে খেলার পর ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া।
মঙ্গলবার পিএসজি থেকে ফিরে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি, বুধবার অনুশীলনও করেছেন। সবঠিক থাকলে কাল ভোরে তিনি মাঠে নামবেন।
এদিকে কোপা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারটি বাদ দিলে অনবদ্য ফর্মে থাকা ব্রাজিল এবার বাছাইপর্বে নামছে চিলির মাঠে। বাছাইপর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা। তিতের দল কোপা আমেরিকা ফাইনালে হারের আগে ১২টি আন্তর্জাতিক ম্যাচে জিতেছে, যার মধ্যে আটটি অবশ্য নিজেদের মাঠে। ২০১৯ সালের নভেম্বরের পর কোপার ফাইনালে প্রথম হারের স্বাদ পায় তিতের দল।
এবার তিতের দল বাছাইপর্বে নামছে, যেখানে অনবদ্য ফর্মে রয়েছে তারা। তিতের শিষ্যরা ছয় ম্যাচে ১৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুই গোল।
রোববার রাত একটায় বাছাইপর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার ঘরের মাঠে কোপায় হারের প্রতিশোধ নিতে চাইবে সেলেসাওরা। তার আগে চিলিকে তাদেরই মাঠে হারানোর চ্যালেঞ্জ নেইমারদের। উল্লেখ্য, চিলিকে সর্বশেষ চার লড়াইয়ে তিনবারই হারিয়েছে ব্রাজিল, এ পথে কোনো গোলও হজম করেনি তিতের দল।
বিশ্বকাপ বাছাইপর্বে ২৩ ম্যাচে অপরাজিত ব্রাজিল। তাদের সর্বশেষ হারের স্বাদ দিয়েছিল অবশ্য চিলিই, ২০১৫ সালে চিলির কাছে তারা হেরেছিল ২-০ গোলে।
২০২১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে বিদায় করে ব্রাজিল। যদিও মাত্র ১-০ গোলের ব্যবধানে হেরেছে চিলি। বিরতির তিন মিনিট পর ব্রাজিল ১০ জনের দলে পরিণত হলেও সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি চিলি।
সর্বশেষ সাতটি আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে ‘লা রোজা’ খ্যাত চিলি, আর বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে জয় এসেছে একটি।
ক্লাব ছাড়তে না চাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগভিত্তিক একঝাঁক হাইপ্রোফাইল তারকাকে পাচ্ছে না ব্রাজিল। এদের মধ্যে অন্যতম এডারসন, অ্যালিসন বেকার, থিয়াগো সিলভা, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। এরপরও দলটিতে রক্ষণে দানি আলভেস আর আক্রমণে নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। ৫ বছর পর ব্রাজিল দলে ফিরেছেন স্ট্রাইকার হাল্ক। যদিও ৩৫ বছর বয়সী এ স্ট্রাইকারের চেয়ে গ্যাব্রিয়েল বারবোসাকে এগিয়ে রাখবেন তিতে। বারবোসা সর্বশেষ ২৪ ম্যাচে ২২ গোল করেছেন।










