বঙ্গবন্ধু টি২০ কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেমকন খুলনা। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক মাহমুদউল্লাহর নৈপূণ্যে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৫ রান তোলে খুলনা। জবাবে চট্টগ্রাম ৬ উইকেটে ১৫০ রান তুলতে সমর্থ হয়। 

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা বিপর্যয়ে পড়লেও মাহমুদউল্লাহর লড়াই দলকে এনে দেয় ভালো সংগ্রহ। অধিনায়ক ৪৮ বলে ৭০ রান করেন ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। চট্টগ্রামের নাহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম দুটি করে উইকেট নেন। জবাবে চট্টগ্রাম ১৫০ রানের বেশি তুলতে পারেনি। সৈকত আলীর ৫৩ রান দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শহিদুল ইসলাম দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান আল আমিন, শুভাগত হোম ও হাসান মাহমুদ। 

মাহমুদউল্লাহ ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় হন, আর টুর্নামেন্টসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান।  

চ্যাম্পিয়ন হিসেবে খুলনার প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকার চেক। রানার্সআপ চট্টগ্রামের প্রত্যেক খেলোয়াড় পান ৭৫ হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুস্তাফিজ ৩ লাখ টাকা, ফাইনালের সেরা মাহমুদউল্লাহ খেলোয়াড় ১ লাখ টাকা প্রাইজমানি পান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান চট্টগ্রামের লিটন দাস ২ লাখ টাকা, সেরা বোলার একই দলের মুস্তাফিজ ২ লাখ টাকা প্রাইজমানি পান। 

টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল ও মিনিস্টার রাজশাহী।