কাল শনিবার বাংলাদেশের আকাশে সূর্যালোক ফুটে ওঠার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে তামিম ইকবালদের প্রথম ওয়ানডেটা অনেকদূর গড়িয়ে যাবে। ডুনেডিনে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
নিউজিল্যান্ডের মাঠে কখনই ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশ দলের। টাইগারদের বিশ্বাস, এবারই নিউজিল্যান্ডের মাটিতে জয়ের সেরা সুযোগ। এই বিশ্বাসের পেছনের কারণ নিউজিল্যান্ড দলের দুই ব্যাটিং স্তম্ভ রস টেলর আর কেন উইলিয়ামসনের না থাকা। ছয় বছর পর টেলর আর উইলিয়ামসনকে ছাড়াই কোনো ওয়ানডে খেলতে নামছে ব্ল্যাক ক্যাপসরা। এছাড়া এবার করোনাভাইরাস মহামারীর কারণে কোয়ারেন্টিনের শর্ত পালনে অনেক আগেভাগেই নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছে টাইগাররা, যা তাদের এখানের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া আর প্রস্তুতির জন্য আদর্শ ছিল।
যদিও বাংলাদেশ দল সেখানে গেছে অনেকটা খর্বশক্তি নিয়ে। দলের সেরা তারকা সাকিব আল হাসান তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে জাতীয় দল থেকে ছুটি নেয়ায় নিউজিল্যান্ড সফরে যাননি। এটা সিরিজে অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে।
টেলর ও উইলিয়ামসন না থাকলেও ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম, ওপেনার মার্টিন গাপটিল আর হেনরি নিকোলসরা নিজেদের দিনে ম্যাচের নায়ক হয়ে ওঠার সামর্থ্য রাখেন। যদিও সাকিবের না থাকাটা বাংলাদেশ দলে বিরাট শূন্যতা তৈরি করবে। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যতটা না সাকিবের অভাব অনুভব করবেন অধিনায়ক তামিম, তার চেয়েও সাকিবের বোলিংয়ের অভাবই বেশি অনুভুত হবে। কেননা যেকোনো কন্ডিশনে সাকিবই বাংলাদেশের সেরা বোলার, নিউজিল্যান্ডের মাঠেও।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারানোয় ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ, দলের অধিকাংশ অভিজ্ঞ খেলোয়াড়ই এ সিরিজে রান পেয়েছেন। এছাড়া ওয়ানডে বাংলাদেশের প্রিয় সংস্করণও। যদিও ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে সিরিজ হারটা বাংলাদেশ দলের জন্য বেশ উদ্বেগের কারণ।
গত বছর মার্চের পর এই প্রথম ওয়ানডে খেলতে নামছে নিউজিল্যান্ড। ওই সময় কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব ঘটলে কিউইদের অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করা হয়। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর কিউইরা মাত্র চারটি ওয়ানডে সিরিজ খেলেছে।
নিউজিল্যান্ডের মাটিতে ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসেনদের গতির বল কীভাবে মোকাবেলা করবে, তার ওপরই টাইগারদের সিরিজ ভাগ্য নির্ভর করবে। বাংলাদেশ তাকিয়ে থাকবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর বিশ্বস্ত ব্যাটের দিকে। যদিও লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানদের ওপরও দলের প্রত্যাশা অনেক।
ইউনিভার্সিটি অব ডুনেডিন মাঠে প্রথমে ব্যাটিং করা দল গড়ে ২৬১ রান তুলেছে এবং আগে ব্যাটিং করা দল অর্ধেক ম্যাচ জিতেছে। এখানে ছোট বাউন্ডারিতে হতে পারে রান উত্সব। যদিও সকালের আকাশে মেঘ থাকতে পারে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই সিরিজে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৬ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি২০ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা।










