বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ফারজানা হক পিংকি। যদিও বুধবার রাতের এই ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ২২৪ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ছুঁয়েছে ৮ উইকেট ও ২৯ বল হাতে রেখে। এই জয়ে সিরিজে সমতা আনল প্রোটিয়ারা। শনিবার সিরিজের মীমাংসা।

ওপেনিং ব্যাটার পিংকি ১৬৭ বলে করেন ১০২ রান। তাতে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২২২ রানের সংগ্রহ। পিংকি নিজের ও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন এদিন। এ বছর মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথম সেঞ্চুরি। আজ ইতিহাস গড়া দ্বিতীয় সেঞ্চুরি করেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়া হয় নি।

লরা উলভার্ট, তাজমিন ব্রিটজ ও আন্নে বখসের ফিফটিতে সহজ জয় পায় স্বাগতিকরা।