শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে এ ম্যাচ।

এ সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন, দিলারা আক্তার ও মারুফা আক্তার, বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন সাথী রানি। ৫০ ওভারের ক্রিকেটে ঝড়ো ব্যাটিংয়ের সামর্থ্য দেখিয়ে প্রথমবারের মতো তিনি ডাক পেলেন জাতীয় টি২০ দলে।

সবশেষ শ্রীলংকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক, লতা মণ্ডল, জাহানারা আলম, ফারিহা ইসলাম তৃষ্ণা। অভিজ্ঞ পেসার জাহানারা অবশ্য ছিলেন না এ সিরিজের প্রাথমিক দলেও। এছাড়া আরো এক সিরিজে বাইরেই রাখা হয়েছে অলরাউন্ডার রুমানা আহমেদকে।

নিগার সুলতানার নেতৃত্বে এবারের দলে সহঅধিনায়ক থাকবেন নাহিদা আক্তার। জাতীয় দলের ধারাবাহিক পারফর্মার ২৩ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

শ্রীলংকা সিরিজে বিশ্রামে থাকা সালমা পারফর্ম করেই দলে ফিরেছেন। গত প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে অভিজ্ঞ এ অফ স্পিনার ৮ ম্যাচে নিয়েছেন আসরের সর্বোচ্চ ১৭ উইকেট। তরুণ পেসার মারুফাও ছিলেন না শ্রীলংকা সফরের দলে। প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে তিনি ৫ ম্যাচে নেন ৮ উইকেট। দিলারা আক্তার ফিরেছেন চোট কাটিয়ে। গত ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। টুর্নামেন্টের মাঝপথেই চোটের কারণে দেশে ফেরত আসতে হয় তাকে। এরপর শ্রীলংকা সফরের দলেও ছিলেন না ১৯ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। এবার ভারত সিরিজে দেখা যাবে তাকে।

খারাপ পারফর্ম করে বাদ পড়েছেন তারকা জাহানারা। শ্রীলংকা সফরের শেষ টি২০ ম্যাচে ৪ ওভারে রান দেন ৪৪, এ সংস্করণে যা বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। সবশেষ ১০ টি২০-তে তার উইকেট মাত্র ২টি!

বাংলাদেশ ও ভারত সমান তিনটি করে টি২০ ও ওয়ানডে ম্যাচ খেলবে। পরের দুই টি২০ যথাক্রমে ১১ ও ১৩ জুলাই।

এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। এ দুই সিরিজ দিয়ে দীর্ঘ ১২ বছর পর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশের মেয়েরা।

এদিকে, প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় মেয়েরা। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অল্প ব্যবধানে (৫ রান) হেরে যায় হারমানপ্রিত কাউরের দল।

তারপর আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে দলটি। অবশ্য বিশ্বকাপ সেমিফাইনালের সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় নেই ভারতীয় দলে। বিশেষ করে বোলিং বিভাগে তারকাদের অনুপস্থিতি। চোটের কারণে এ সিরিজে নেই পেস তারকা রেনুকা সিং।

প্রতিপক্ষ হিসেবে ভারতের সমশক্তির নয় বাংলাদেশ। তবু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সামনে সিরিজ থাকায় ঢাকা সফরটাও বেশ গুরুত্ব দেবে হারমানপ্রিতের দল।