প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের টিকিট পেল আফ্রিকার দেশ উগান্ডা। নামিবিয়ার পর মহাদেশটি থেকে দ্বিতীয় দল হিসেবে তারা আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপে খেলবে। আজ নামিবিয়ার উইন্ডহোকে বাছাইপর্বের ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা এ যোগ্যতা অর্জন করে। টেস্ট প্লেয়িং দেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে বিশ্বকাপে কোয়ালিফাই করা উগান্ডার জন্য বিরাট কৃতিত্বেরই।  

 

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের শেষ পর্বে লড়ে ৭ দল। এই পর্বে সবার আগে নামিবিয়া পায় বিশ্বকাপের টিকিট। আজ বৃহস্পতিবার শেষ রাউন্ডে রুয়ান্ডার মুখোমুখি হয় উগান্ডা। এছাড়া কেনিয়ার মুখোমুখি হয় জিম্বাবুয়ে। রুয়ান্ডার কাছে উগান্ডা হারলেই কেবল বিশ্বকাপে উত্তীর্ণ হতে পারতো জিম্বাবুয়ে। তবে উগান্ডা নিজ ম্যাচে বড় জয় তুলে নিলে সব আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। তাই পরের ম্যাচে কেনিয়াকে ১১০ রানে হারিয়েও লাভ হয়নি সিকান্দার রাজার দলের।

 

টানা ৫ জয়ে আগেই বিশ্বকাপের টিকিট পায় নামিবিয়া। আজ দ্বিতীয় দল হিসেবে টিকিট পেল উগান্ডা। ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে দেশটি। আজ পরের ম্যাচে কেনিয়াকে বড় ব্যবধানে হারানোর জিম্বাবুয়ের ৮ পয়েন্ট। এরপর কেনিয়া (৬), নাইজেরিয়া (৩), তানজানিয়া (২) ও রুয়ান্ডা (১)।

 

বিশ্বকাপের ২০ দল: যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ (স্বাগতিক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ওমান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও উগান্ডা।