ইউএস ওপেনে একের পর এক অঘটন। ছেলেদের এককে তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর আজ শনিবার ভোরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় হলো ২৪ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী নোভাক জোকোভিচের। তাকে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিন।

 

১৮ বছরের মধ্যে এই প্রথম এত আগেভাগে বিদায় নিলেন জোকোভিচ। সেই সঙ্গে ২০১৭ সালের পর এই প্রথম কোনো বছর তার গ্র্যান্ডস্লাম শিরোপাহীন কাটবে।

 

জোকোভিচর তার মানের ধারেকাছেও ছিলেন না। তিনি সার্ভের ক্ষেত্রে ডাবল ফল্ট করেছেন ১৪টি, যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ। এছাড়া আনফোর্সড এরর ছিল ৪৯টি।

 

হার শেষে ৩৭ বছর বয়সী জোকোভিচ বলেন, ‘আমি আমার জীবনের খারাপ কিছু টেনিস খেলেছি আজ। সত্য বলতে কী, এবার শুরু থেকে আমি যেভাবে খেলে এসেছি তাতে তৃতীয় রাউন্ড অনেক বড় সাফল্য। আমার শারীরিক কোনো সমস্যা নেই, তবে প্রথম ম্যাচ থেকেই আমি নিজেকে খুঁজে পাইনি।’

 

ঠিক আগের দিন বর্তমান ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ হেরেছেন নেদারল্যান্ডসের বোটিচ ফন ডি জ্যান্ডশালপের কাছে। এবার আরেক শিরোপা প্রত্যাশী জোকোভিচ বিদায় নিলেন।  

 

এদিকে, শুক্রবার রাতে মেয়েদের এককে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকো গাফ। তিনি মুখোমুখি হবেন স্বদেশী এমা নাভারোর, যিনি হারান ইউক্রেনের আরেক খেলোয়াড় মার্তা কস্তিউককে।

 

গতবারের রানারআপ আরিনা সাবালেঙ্কা ২-৬, ৬-১, ৬-২ গেমে হারান রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে।