ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জার্মান
কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর নেই। ৭৮ বছর বয়সে তিনি পরলোকগমন করেছেন। তার
পরিবার এক বিবৃতিতে জানায়, শনিবার এই ফুটবল গ্রেটের মৃত্যু হয়।
১৯৭৪ সালে পশ্চিম জার্মানির অধিনায়ক হিসেবে
হিসেবে ও ১৯৯০ সালে একই দেশের কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন
বেকেনবাওয়ার।
বায়ার্ন মিউনিখের সাবেক এই ডিফেন্ডার বাভারিয়ানদের
হয়ে খেলেছেন ৫৮২ ম্যাচ। খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি জার্মানির শীর্ষ লিগ শিরোপা
জয়ের কৃতিত্ব দেখান। বেকেনবাওয়ার বায়ার্নের হয়ে চারটি লিগ শিরোপা ও তিনবার
ইউরোপিয়ান কাপ জয় করেন। লিগ শিরোপা জিতেছেন হামবুর্গের হয়েও।
‘দার কাইজার’ নাম পাওয়া এই খেলোয়াড়টি
জার্মানির হয়ে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করেন। জার্মানির হয়ে তিনি
খেলেছেন ১০৩ ম্যাচ। তিনি দুবার ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন।
ইতিহাসে মাত্র তিনজন ব্যক্তি খেলোয়াড় ও কোচ হিসেবে
বিশ্বকাপ জিতেছেন। তারা হলেন—ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির বেকেনবাওয়ার ও
ফ্রান্সের দিদিয়ের দেশমে। গত শনিবার ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন জাগালো। এবার চলে
গেলেন বেকেনবাওয়ার।










