চলতি কোপা আমেরিকায় শিরোপার পথে আরো ধাপ এগিয়ে গেল স্বাগতিক ব্রাজিল। আজ ভোরে রিওতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। আজ ভোর রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে পেরুর। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। 

ব্রাজিল-চিলি ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্তো ফিরমিনোকে উঠিয়ে প্যাকুয়েতাকে নামাম ব্রাজিল কোচ তিতে। তার গোলেই এগিয়ে যায় ব্রাজিল এবং পরিশেষে এই একটি গোলে ভর করেই ব্রাজিল পৌঁছে যায় শেষ চারে। চিলির বক্সের মধ্যে নেইমারকে পাস দিয়েছিলেন প্যাকুয়েতা, নেইমার বল পেয়ে আবার ফিরতি পাস দেন তাকে। প্যাকুয়েতা তখন নিখুঁতভাবে নিশানা ভেদ করেন। 

অবশ্য গোলের কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানসিটিতে খেলা ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। চিলির ইউজেনিয়ো মেনার মুখে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। 

৬২ মিনিটের সময় চিলি গোল পরিশোধ করে দিয়েছিল, যদিও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করে দেন। এ সময় চিলির আবেদনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সাহায্য নিলেও গোল ঠিকই বাতিল হয়ে যায়। 

শেষের দিকে গোলের জন্য মরিয়া চিলিয়ানরা দফায় দফায় আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারেনি।

ফাইনালে ওঠা ব্রাজিলের জন্য হয়তো সময়ের ব্যাপার হবে। কেননা গ্রুপ পর্বে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেন নেইমার, প্যাকুয়েতারা। পরের প্রতিপক্ষ সেই পেরু। 

এদিকে কোপার কোয়ার্টার ফাইনালে আজ রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে এবং আগামীকাল সকাল সাতটায় একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মঙ্গলবার ভোর ৫টায় ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে, বুধবার সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনাল। এছাড়া ৯ জুলাই তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ ও ১০ জুলাই ফাইনাল।