ইংল্যান্ডে বিপক্ষে নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে স্পেন। এদিন একমাত্র গোল করা খেলোয়াড় ওলগা কারমোনা ম্যাচ শেষে পেলেন বাবার মৃত্যুর খবর।

ম্যাচের প্রথমার্ধে লেফট ব্যাকের স্ট্রাইক লায়নেসেসের বিপক্ষে দলকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক কারমোনা। এরপর কোনো পক্ষই গোলবার অতিক্রম করতে পারেনি।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, খেলার পরপরই বাবার মৃত্যুর খবর পান ওলগা কারমোনা। মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গতকাল রোববার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ জয় করেছে স্পেন।

আরএফইএফের বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ ফাইনালের পর কারমোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা ওলগা ও তার পরিবারের শোকের সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা আমরা তোমাকে ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।

কারমোনার বাবার মৃত্যুর ঘোষণার আগে স্প্যানিশ এফএ বলেছিল, শিগগিরই বিজয়ী দল সিডনি থেকে মাদ্রিদে পৌঁছাবে। সেখানে তাদের আড়ম্বরের সঙ্গে বরণ করা হবে।

রিয়াল মাদ্রিদ লেফট ব্যাক কারমোনার বাবার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি শুক্রবার মারা যান বলে নিশ্চিত করেছে রয়টার্স।

বাবার মৃত্যুর খবর পেয়ে সমাজমাধ্যমে কারমোনা লিখেছেন, ‘জানি, আজ রাতে তুমি আমাকে দেখছিলে এবং আমাকে নিয়ে নিশ্চয়ই তোমার গর্ব হচ্ছিল। বাবা শান্তিতে ঘুমাও।’

 

সমাজমাধ্যমে এই লেখাটুকু ছাড়াও চ্যাম্পিয়ন পদকে চুমু খাওয়ার একটি ছবিও জুড়ে দিয়েছেন চৌকস এই খেলোয়াড়টি।

তিনি আরো লিখেছেন, ‘এটা তো জানতাম না, কাজেই ম্যাচ শুরু আগেই আমি একটি তারা পেয়ে যাই। আমি জানি, তুমি আমাকে শক্তি জুগিয়েছো, যার বদৌলতে আমি অনন্য কিছু অর্জন করতে পেরেছি।’

 

কোনো দল যখন বিশ্বকাপ জয় করে তখন তাদের জার্সিতে দেশের ক্রেস্টের উপরে সোনালী রঙা তারকা যুক্ত করা হয়। এখন থেকে কারমোনাদের জার্সিতে স্থান পানে এই তারকা।


 

তার বাবার মৃত্যুতে শভীর শোক প্রকাশ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সমাজমাধ্যমে সংস্থাটি লিখেছে, ‘আরএফইএফ গভীর দুঃখের সঙ্গে ওলগা কারমোনার বাবার মৃত্যুব খবর দিচ্ছে। বিশ্বকাপ ফাইনালের পরই বেদনাদায়ক খবরটি শুনেছেন ফুটবলারটি। এই শোকের সময় আমরা ওলগা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওলগা, আমরা তোমাকে ভালোবাসি। তুমি স্পেনের ফুটবল ইতিহাসের অংশ।’

 

ওলগা, তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে খেলোয়াড়টির ক্লাব রিয়াল মাদ্রিদ।    

 

স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, ফাইনালের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ওলগার পরিবার ও বন্ধুরা বাবার মৃত্যুর খবরটি তাকে জানাতে চায়নি। এমনকি তাকে সমর্থন দিতে শনিবার তার মা ও ভাইয়ের অস্ট্রেলিয়ায় ছুটে যান।