আইসিসি টি২০ বিশ্বকাপে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল ফেভারিট ইংল্যান্ড।
দলটির ওপেনিং ব্যাটার জেসন রয় চোট নিয়ে ছিটকে পড়লেন বিশ্বকাপ থেকে। আজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে একথা নিশ্চিত করা হয়েছে।
সুপার টুয়েলভ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় একবার ও ব্যাটিংয়ের সময় আরেকবার চোট পান রয়। ওই ম্যাচে ১৫ বলে ২০ রান করে তিনি রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন। আজ স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার বাম কাফে চির ধরা পড়েছে এবং সেমিফাইনাল ও ফাইনালের আগে সেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়।
জেসন রয়ের জায়গায় ইংল্যান্ড দলে ঢুকেছেন জেমস ভিনস। তিনি ও লিয়াম ডসন আগে থেকেই দলের সঙ্গে ছিলেন। আইসিসির অনুমোদন সাপেক্ষে ভিনসকে দলভুক্ত করেছে ইংল্যান্ড।
চোটের সঙ্গে লড়ছেন পেস বোলার টাইমাল মিলসও। এবার যোগ হলেন রয়। চোট সমস্যা সেমিফাইনালে দলটির ভারসাম্য নষ্ট করতে পারে।










