গত ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় স্বাগতিক ভারত। রোহিত শর্মাদের হারে গোটা ভারতবর্ষেই নেমে আগে বিষণ্নতা। যদিও সমর্থকরা দ্রুতই কষ্ট ভুলবার উপলক্ষ্য পেয়ে যাচ্ছেন। আজ ফের মুখোমুখি ক্রিকেটের দুই অন্যতম সেরা দল। এবার পাঁচ ম্যাচের টি২০ সিরিজে লড়বে তারা। আজ বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০ ওভারের এই লড়াই।  

এই সিরিজে দুই দলই বিশ্রাম দিয়েছে শীর্ষ সারির খেলোয়াড়দের। টি২০ স্পেশালিস্টদের প্রাধান্য দেয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া গোঁড়ালির চোট থেকে এখনো সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার সূর্যকুমার যাদব। এই দলে সহ-অধিনায়ক দুজন! প্রথম তিন ম্যাচের জন্য রুতুরাজ গায়কোয়াড় ও শেষ দুই ম্যাচের জন্য শ্রেয়াস আইয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

বিশ্বকাপ খেলা রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামিসহ শীর্ষ ক্রিকেটাররা টি২০ সিরিজে বিশ্রাম পাচ্ছেন। সূর্যকুমার, ইশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা হয়েছে বিশ্বকাপের দল থেকে। তারা বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি বলেই টি২০ সিরিজে অগ্রাধিকার পাচ্ছেন।

ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। এছাড়া বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনরা সবাই বাড়ি ফিরে গেছেন। দলটিকে নেতৃত্ব দেবেন উইকটেকিপার ও ব্যাটার ম্যাথু ওয়েড।