ফুটবল বিশ্বকাপের সফল দলগুলোর অন্যতম জার্মানি। বড়দের বৈশ্বিক এই
ফুটবল আসরে চারবার শিরোপা জিতেছে তারা। এবার ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের
শিরোপা জিতেছে জার্মানি।
প্রতিযোগিতার নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলেও পেনাল্টি শুট আউটে
ফরাসিদের হারিয়ে জার্মানির কিশোররা।
শনিবার (২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে জয়ের
স্বাদ পায় তারা।
ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে জার্মানি অনূধ্বং-১৭
দল। বারবার ফ্রান্সের ডিফেন্স লাইনে আক্রমণ শানায় জার্মান কিশোররা। সেই ধারাবাহিকতায়
ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ফ্রান্সের আয়মেন সাদি ফাউল করে বসলে ভিএআর এ
পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বাম পাশে নিচের কোণায় শট নিয়ে জার্মানিকে প্রথম গোল
এনে দেন প্যারিস ব্রুনার। এ গোল নিয়েই ম্যাচের প্রথমার্ধ
লিড নিয়ে শেষ হয়।
বিরতি থেকে ফিরে আবারো এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটের মাথায় ২-০
গোলে এগিয়ে যায় তারা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন দার্ভিচ। ২ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই
লড়াইয়ে ফেরে ফরাসি কিশোররা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। জার্মান ডিফেন্সে
আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। এরই মধ্যে ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইনার্স ওসায়ি।
দশজনের দলে পরিণত হওয়া জার্মানির রক্ষণে আক্রমণ বাড়িয়ে দেয় ফ্রান্স। ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স।
টিডিয়াম গোমিসের বাড়ানো বল থেকে গোল করেন মাথিস অ্যামৌগৌ। ১০ মিনিট ইনজুরি টাইমে মুহুর্মুহু
আক্রমণ হলেও গোল করতে পারেননি কেউ। ২-২ সমতায় ৯০ মিনিটের খেলা শেষ হয়।
পেনাল্টি শ্যুটআউটে জার্মানির এরিক দা সিলভা মোরেইরার নেওয়া প্রথম
শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার পল আর্গনে। এগিয়ে থাকা ফ্রান্সের তৃতীয় শট নিতে এসে
লক্ষ্যচ্যুত হন নোয়া সানগুই। এর পর ফ্রান্সের চতুর্থ শট ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক
কনস্টানটিন হেইডে।
জার্মানির পঞ্চম শট ঠেকিয়ে দেন আর্গনে। খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেও
প্রথম শটটি ঠেকিয়ে দেন হেইডে। তবে এবার ভুল করেননি আলমুগেরা কাবার। ফ্রান্সের তরুণদের
হৃদয় ভেঙে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন জার্মানির তরুণেরা।










