হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ম্যাচে বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিতে সমর্থ হয় পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা।

 

৩৮ রানে ফখর জামান, বাবর আজম ও ইমাম-উল-হকের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯ ওভারে ২৮৬ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তান ৪৯ ওভারে অলআউট হয়।

 

টপ অর্ডার হারানোর পর চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান (৭৫ বলে ৬৮) ও সৌদ শাকিল (৫২ বলে ৬৮) অবিশ্বাস্য দৃঢ়তায় ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে পাকিস্তানের মান বাঁচান। সপ্তম উইকেটে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান ৭০ বলে ৬৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়লে দলের সংগ্রহ আড়াইশ ছাড়িয়ে যায়। নওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন। ডাচদের হয়ে বাস ডি লিডি ৬২ রানে চারটি ও কলিন অ্যাকারম্যান ৩৯ রানে দুটি উইকেট নেন।

 

বিশ্বকাপের আন্ডারডগ নেদারল্যান্ডস। অন্যদিকে, পাকিস্তান এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল। ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে সবগুলোতেই পাকিস্তানের কাছে হেরেছে ডাচরা।

 

গত আসরে গ্রুপ পর্ব উতরাতে পারেনি পাকিস্তান। নিট রানরেটে তারা অল্পের জন্য নিউজিল্যান্ডের পেছনে পড়ে যায়। অন্যদিকে, ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে নেদারল্যান্ডস।


 

এদিকে, নেদারল্যান্ডসের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়াটা রীতিমতো চমক জাগানো ঘটনা। গত জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভাবে হারিয়ে দেয় তারা। তাতে বিদায় ঘটে ক্যারিবিয়ানদের। এছাড়া ডাচরা হারায় স্কটল্যান্ডকে।

 

পাকিস্তান একাদশ:

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 

নেদারল্যান্ডস একাদশ:

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাকিব জুলফিকার, লোগান ফন বিক, ফন ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।