দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে টাইগাররা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে। আজ ভোরে প্রথম দফায় রওনা হয়ে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দল। ১৮ সদস্যের টেস্ট দলটি ঢাকা ছেড়ে যায় ভোর ৪ টা ২৫ মিনিটে। আজ সন্ধ্যার পরই তাদের জিম্বাবুয়েতে পৌঁছানোর কথা।
ঢাকা থেকে একসঙ্গে রওনা হন টেস্ট দলের ১৭ জন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরা নিজ নিজ দেশ থেকে যোগ দেবেন দলের সঙ্গে। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক শ্রীলংকার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ কাতারের দোহা ট্রানজিটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। আর ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সও নিজ দেশ থেকে জিম্বাবুয়েকে যাবেন। দলের সঙ্গে এবার টিম লিডার হিসেবে যাচ্ছেন বোর্ড পরিচালক ও সাবেক ক্রিকেটার আহমেদ সাজ্জাদুল আলম।
জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই। ওয়ানডে সিরিজ ১৬ জুলাই ও টি২০ সিরিজ ২৩ জুলাই শুরু হবে। তিন ফরম্যাটের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ওয়ানডে স্কোয়াডের কিছু খেলোয়াড় টেস্ট স্কোয়াডেও রয়েছেন, তারা গতকালই রওনা হন। বাকিরা ৯ জুলাই রওনা হবেন। আর টি২০ স্কোয়াডের খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন ১৬ জুলাই।
করোনার সময়ে
সচরাচর তিনদিনের কোয়ারেন্টিন পালন করার নিয়ম থাকলেও হারারে পৌঁছে বাংলাদেশ দলকে
কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র একদিন। এরপর জৈব সুরক্ষা বলয়ে হবে গোটা সিরিজ।
টেস্টের আগে জিম্বাবুয়েতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের
আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ ১৪ জুলাই।










