নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সোয়া ৯টায় খেলা শরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় নামতে পারেননি খেলোয়াড়রা। 

আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই- আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হলেও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি লক্ষ্য করা যায়। বেলা সাড়ে ১০টায়ও মুখ ভার করেছিল আকাশ। সূর্যের দেখা মেলেনি। অবশ্য সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, পিচ থেকে কভার সরিয়ে নেওয়া হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছিল। যার শুরু হয়েছিল এদিনে ভোর রাতে।

গত বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়। স্পিনারদের দাপটে দুই দলেরই মোট ১৫টি উইকেট পড়ে। আজ খেলা মাঠে গড়ালে পাঁচ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় পাঁচ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট ও দুটি নেন তাইজুল ইসলাম।