আইসিসির মাস সেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকি ও স্পিনার নাহিদা আক্তার। তালিকার তৃতীয় খেলোয়াড় পাকিস্তানের বামহাতি স্পিনার সাদিয়া ইকবাল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। এখান থেকে একজন হবেন মাসের সেরা খেলোয়াড়।

 

অক্টোবর মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। ওই সিরিজে তরুণ স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করেন। পরে পাকিস্তানের বিপক্ষে জেতা ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন শীর্ষ পারফরমার। ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে নেন সাত উইকেট। তারই স্বীকৃতি হিসেবে এবার আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় তিনি ঠাঁই পেলেন।   


 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেন ফারজানা হক। সর্বোচ্চ ৬২ রান আসে তার ব্যাট থেকে। শেষ ম্যাচে পাকিস্তানের ১৬৬ রানের জবাবে ওপেনিং জুটিতে মুর্শিদা খাতুন ও ফারজানা হক তুলে দেন ১২৫ রান। এতে সাত উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করে নিগারের দল। ওই পারফরম্যান্সের কারণেই ৩০ বছর বয়সী এই ব্যাটার স্থান করে নেন মাস সেরার তালিকায়।

 

বাংলাদেশ সফরে পাকিস্তানের উজ্জ্বল মুখ স্পিনার সাদিয়া ইকবাল। ১২.৫ গড়ে তিনি নেন ছয় উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ২.৫৮।


আইসিসির মাস সেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় আছেন ভারতের পেস বোলার মোহাম্মদ শামি এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। শামি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। ট্রাভিস হেড সেমিফাইনাল ও ফাইনালের নায়ক। আর ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন।