গত
বছর সেপ্টেম্বরে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের
মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর ফের মুখোমুখি দুই দল।
এবার ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে সাফের দুই ফাইনালিস্ট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ
সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
গত
বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর নেপাল খেলেছে চারটি ম্যাচ। সেখানে
বাংলাদেশ একটিও না। সাফ জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন সাবিনা-কৃষ্ণারা।
মাঝে
হেড কোচের দায়িত্ব ছেড়েছেন গোলাম রব্বানী ছোটন, যার হাত ধরে সাফসহ অসংখ্য সাফল্য পেয়েছে
নারী দল। এখন কোচের দায়িত্ব পালন করলেন তারই সহকারী মাহাবুবুর রহমান লিট। দলেও এসেছে
বড় পরিবর্তন। সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, আঁখি খাতুন ও সিরাত জাহান স্বপ্না অবসর
নিয়েছেন। বর্তমান দলে নতুন মুখ এসেছেন আফিদা খন্দকার, সুমাইয়া মাতসুশিমা, শাহেদা আক্তার
রিপা, আকলিমা খাতুন, সুরমা জান্নাত ও স্বর্ণা রানী মন্ডল।
বদলে
যাওয়া এই দল নিয়েও জয়ের বিকল্প কিছু ভাবছেন না লিটু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা
অনেক দিন ধরেই খেলতে পারছিলাম না। আমি যেমন ক্ষুধার্ত ছিলাম, মেয়েরাও তেমনি ক্ষুধার্ত
ছিল। সবাই একসাথে অনুশীলন করছে। দলে টুকটাক ইনজুরি ছিল, সবাই রিকভারি করেছে, আশা করি
ভালো ম্যাচ হবে।’










