ঢাকা টেস্টের প্রথম দিন
৭৯ ওভারে দুই দলের ১৫ উইকেটের পতন ঘটে। বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয়
দিন কোনো খেলাই হয়নি। আজ শুক্রবার তৃতীয় দিন প্রথম সেশনে আলোকস্বল্পতায় খেলা শুরু করা
সম্ভব হয়নি। অবশেষে বেলা ১২টায় শুরু হয় খেলা। মেঘে ঢাকা আকাশের নিচে আজ ৩২.৩ ওভারের
খেলা মাঠে গড়াতে পেরেছে। এই সময় দুই দল হারায় মোট ৭ উইকেট।
৫ উইকেটে ৫৫ রান নিয়ে
দিন শুরু করা কিউইরা দ্রুত ২ উইকেট হারিয়ে বসে। একটি পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৭ উইকেটে
৯৭ রান। অবশ্য এক প্রান্তে ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে ব্যাটিং করে যান গ্লেন ফিলিপস। তিনি
মারমুখী ব্যাটিংয়ে হতাশ করতে থাকেন বাংলাদেশের বোলারদের। ৭২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায়
করা ৮৭ রান দেখে কেউ কি বলবেন, এটি টেস্ট ব্যাটিং?
ফিলিপসের এই ব্যাটিংয়ে
ভর করেই বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৮ রানের লিড নিতে পেরেছে সফরকারীরা।
তিনি ড্যারিল মিচেলকে নিয়ে ৪৯, কাইল জেমিসনকে নিয়ে ৫৫ ও টিম সাউদিকে নিয়ে ২৮ রানের
পার্টনারশিপ গড়ে দলের সংগ্রহটা ১৮০ পর্যন্ত নিয়ে যান। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল
ইসলাম তিনটি করে এবং নাঈম হাসান ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন।
উজ্জীবিত কিউইরা এরপর
দ্রুতই বাংলাদেশের দুই উইকেট তুলে নেয়। প্রথম ওভারে স্পিনার এজাজ প্যাটেলের বলে স্লিপে
মিচেলকে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। অষ্টম ওভারে টিম সাউদির বলে মিড-অফে কেন উইলিয়ামসনকে
ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত (৩৮/২)।
ওই ওভারেই দিনের খেলা
শেষ হয়ে যায়। ওপেনার জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে অপরাজিত থেকে তৃতীয় দিন
মাঠ ছাড়েন। দুই উইকেট হারিয়ে ৩০ রানের লিড বাংলাদেশের।
দ্বিতীয় দিন খেলা না হওয়ায়
আজ তৃতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয়ে খেলা চলার কথা ছিল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
যদিও আলোকস্বল্পতায় ২টা ৪৭ মিনিটেই আম্পায়াররা দিনের খেলার সমাপ্তি টানেন।










