ক্যান্ডি টেস্টে আজ চতুর্থ দিন প্রথম দুই সেশন চরম হতাশায় কাটল বাংলাদেশ বোলারদের। এ দুই সেশনে ৬১ ওভারের মধ্যে লংকানদের কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। এ সময় অতিথি দলের বোলারদের ওপর কর্তৃত্ব করেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। তাদের দৃঢ়তায় ৩ উইকেটে ৪৪২ রান নিয়ে চা-বিরতিতে যায় সিংহলিজরা। ফেরার পর এ প্রতিবেদন লেখার দলটির সংগ্রহ ছিল ৪৪৯/৩। করুণারত্নে ১৮৯ ও ধনঞ্জয়া ১৩৬ রানে ব্যাট করছিলেন।

তৃতীয় দিন ১৯০ রানের মধ্যে লংকানদের তিনটি উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। যদিও সেই সাফল্যটা আজ টেনে আনতে পারেননি মিরাজরা। ৩ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলংকাকে টানছেন করুণারত্নে ও ধনঞ্জয়া। দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সঙ্গে ব্যবধান ঘুচিয়ে এনেছে শ্রীলংকা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখন মাত্র ৯২ রান দূরে দলটি।

আজ দুই সেশনে ৬১ ওভারে ২৩১ রান যোগ করেন করুণারত্নে ও ধনঞ্জয়া। সব মিলিয়ে চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত তারা বোর্ডে যোগ করেছেন ২৬০ রান।