ভারতে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার (১০৯ কোটি ৭৩ লাখ টাকা)। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (প্রায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে যে দলটি পরাজিত হবে তারাও ২০ লাখ ডলার নিয়ে দেশে ফিরবে। 

ক্রিকেটের জন্য মোট প্রাইজমানি কিংবা চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি নতুন রেকর্ড হলেও তা ফুটবল বিশ্বকাপের তুলনায় খুবই নস্যি। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৮২৮ কোটি টাকা), যেখানে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি মাত্র ১ কোটি ডলার! 

ফিফা বিশ্বকাপে আগের আসরের তুলনায় প্রাইজমানি বাড়ানো হয়েছিল ৪ কোটি ডলার। অথচ ক্রিকেট বিশ্বকাপের মোট প্রাইজমানিই মাত্র ১ কোটি ডলার! 

২০১৪ সালের ফিফা বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ কোটি ৮০ লাখ ডলার। সেটি আট বছরে আট কোটি ডলারেরও বেশি বেড়েছে। আবার ক্রিকেটে এবার চ্যাম্পিয়ন দল মাত্র ৪০ লাখ ডলার প্রাইজমানি পেলেও ফুটবলের সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরে তুলেছে ৪ কোটি ২০ লাখ ডলার (প্রায় ৪৬০ কোটি ৮৬ লাখ টাকা)। অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপের মোট প্রাইজমানির চার গুণেরও বেশি প্রাইজমানি জিতে নেয় লিওনেল মেসির দল!

এমনকি যে ৩২টি দল কাতার আসরে অংশগ্রহণ করেছে, তারা শুধু অংশগ্রহণ ফি হিসেবেই পেয়েছে ১৫ লাখ ডলার করে। ক্রিকেটে এ অংকটা ফুটবলের তুলনায় খুবই কম।

এ বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ফিফা বিশ্বকাপেও প্রাইজমানি ছিল ৬ কোটি ডলার। পুরুষ ফুটবলের তুলনায় নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি সাত গুণেরও কম। তবু সেটি ক্রিকেটের চেয়ে অনেক অনেক বেশি। অবশ্য ফুটবলের মতো ক্রিকেটে এত অর্থের ছড়াছড়ি শুধুই কল্পনা হতে পারে। 

অবশ্য ফুটবল বিশ্বকাপে এত বেশি প্রাইজমানির নেপথ্যে রয়েছে ফিফার বিশাল আয়। ২০১৯ থেকে ২০২২ সালের চার বছরের চক্রে ফিফা ৭৫০ কোটি ডলার আয় করেছে, যা আগের চক্রের চেয়ে ১০০ কোটি ডলার বেশি। পরের চার বছরের চক্রে আয় ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে ফিফা। ফিফা নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালে হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপ এখানে মুখ্য ভূমিকা রাখবে। 

এবার ফিরে আসা যাক, ক্রিকেটের দুনিয়ায়। ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। এ দলগুলো রাউন্ড রবিন লিগে প্রত্যেকেই একে অপরের বিপক্ষে খেলবে। রাউন্ড রবিন লিগে শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে। 

গ্রুপ পর্বেও থাকছে ভালো অংকের প্রাইজমানির হাতছানি। প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার করে। আর রাউন্ড রবিন লিগ পর্ব শেষে যে দলগুলো নকআউট পর্বে উঠতে ব্যর্থ হবে তারা প্রতেকেই পাবে ১ লাখ ডলার করে। সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকেই পাবে ৮ লাখ ডলার করে। 

ওয়ানডে বিশ্বকাপ মুকুটের জন্য লড়বে বিশ্বের ১০টি দেশ। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে উত্তীর্ণ হয়। এছাড়া বিশ্বকাপ সুপার লিগ টেবিলে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে এসেছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরে খেলার টিকিট পায়নি।

ত্রয়োদশ বিশ্বকাপের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মোট ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এ আসরের। প্রথম দিন মুখোমুখি হবে ২০১৯ আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আইসিসি ও আল জাজিরা।