ওয়ানডে বিশ্বকাপে গত ৭ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে সেমির রেসে ফিরিয়েছিলেন চোটগ্রস্ত গ্লেন ম্যাক্সওয়েল। ওই ইনিংসের পর ক্রিকেট বিশ্ব তাকে প্রশংসায় ভাসায়। পরে অস্ট্রেলিয়া বিশ্বকাপও জিতে নেয়। এবার ভারতের বিপক্ষে টি২০ সিরিজে আরেকবার দেখা গেল ম্যাক্সওয়েল বীরত্ব। আজ মঙ্গলবার গুয়াহাটিতে ৪৮ বলে ৮টি চার ও ৮টি ছক্কায় ১০৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে অভাবনীয় জয় এনে দেন তিনি। তার ব্যাটে ভর করেই শেষ বলে ২২৩ রানের বিশাল লক্ষ্যটা ছুঁয়েছে অজিরা।  

 

শেষ ১৮ বলে ৫০ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল ও ম্যাথু ওয়েড তা করে দেখিয়েছেন। ১৮তম ও ২০তম ওভার করেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ ওভারে অজিদের প্রয়োজন ছিল ২১ রানের। ম্যাক্সওয়েল ও ওয়েড নেন ২৩ রান! এর মধ্যে শেষ চার বলে যথাক্রমে ৬, ৪, ৪, ৪ নেন তিনি। আন্তর্জাতিক টি২০তে যুগ্মভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও হয়ে গেল ম্যাক্সওয়েলের। ভারতের রোহিত শর্মাও করেছেন চারটি সেঞ্চুরি।

 

প্রসিদ্ধ কৃষ্ণ চার ওভারে দেন ৬৮, যা পুরুষদের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ। যুজবেন্দ্র চাহাল ৬৪ রান দিয়ে আগের রেকর্ডট গড়েন।

 

এর আগে রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২২২ রানের সৌধ গড়ে ভারত। ৫৭ বলে ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ১৪১ রান যোগ করেন রুতুরাজ, যা ভারতের হয়ে রেকর্ড।

 

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটা ২-১ করল অস্ট্রেলিয়া। শুক্রবার রায়পুরে চতুর্থ ও রোববার বেঙ্গালুরুতে পঞ্চম টি২০ ম্যাচ।