চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপার লড়াই শুরু আজ। গতবারের মতো এবারও ফাইনালে মুখোমুখি দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। দক্ষিণের জন্য এবার শিরোপা ধরে রাখার মিশন। আর পূর্বের জন্য ফাইনাল ট্র্যাজেডি মোচনের। এর আগে তিনবার ফাইনালে উঠেও শিরোপার নাগাল পায়নি দলটি। বিপরীতে পাঁচবার ফাইনালে উঠে চারবারই শিরোপা জিতেছে দক্ষিণ।

বিসিএলকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে দক্ষিণ। সাত আসরের মধ্যে চারবারই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।

রাউন্ড রবিন লিগে দক্ষিণকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান নিয়েই ফাইনালে উঠেছে পূর্ব। তবে এ ম্যাচে দলটি পাচ্ছে না তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির রাব্বিকে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্ট স্কোয়াডে আছেন ইয়াসির। বিসিএলে সর্বশেষ ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান এই তরুণ ব্যাটসম্যান। ইয়াসিরকে না পেলেও তরুণ ফাস্ট পেসার হাসান মাহমুদকে অবশ্য পাচ্ছে পূর্ব। ইয়াসিরের মতোই জাতীয় দলে ডাক পেয়েছিলেন হাসান। তবে গতকাল তাকে ছেড়ে দেয়া হয়েছে জাতীয় দলের ক্যাম্প থেকে। এছাড়া জাতীয় দলের স্কোয়াডে থাকার জন্য অফ স্পিনার নাইম হাসানকেও পাচ্ছে না দলটি। এদিক থেকে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় দক্ষিণ। টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ ও আল-আমিন হোসেনকে পাচ্ছে তারা। ফাইনাল হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।