চেলসি তারকা জর্জিনিয়ো শেষ মুহূর্তে পেনাল্টি মিস করায় চড়া মূল্য দিতে হতে পারে ইতালিকে। শুক্রবার রাতে বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। এতে সরাসরি কাতার বিশ্বকাপে ওঠা এখন অনিশ্চিত তাদের। ৭ রাউন্ড শেষে দুই দলেরই সংগ্রহ ১৫ পয়েন্ট। শেষ রাউন্ডে নিশ্চিত হবে, ‘সি’ গ্রুপ থেকে কোন দল সরাসরি পাবে কাতারের টিকিট।
সোমবার ইতালি খেলবে নর্দান আয়ারল্যান্ডের মাঠে, আর সুইসরা ঘরের মাঠে খেলবে বুলগেরিয়ার বিপক্ষে। শেষ রাউন্ডে সফল না হলে প্লে-অফ খেলে আরেকটি সুযোগ পাবে ইতালি। অবশ্য তাদের প্লে-অফ স্মৃতি সুখকর নয়। এই প্লে-অফের ভাগ্যে কাটা পড়েই ২০১৮ সালে বিশ্বকাপ খেলা হয়নি চারবারের চ্যাম্পিয়নদের। সেবার দুই লেগের প্লে-অফে সুইডেনের কাছে পরাজিত হয় আজ্জুরিরা। প্লে-অফে উঠলে এবারো সেই স্মৃতি তাড়িয়ে বেড়াবে রবার্তো মানচিনির দলকে।
রোমে দুর্দান্ত এক গোলে ১১ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন সিলভান উইডমার। ৩৬ মিনিটে হেডে গোল পরিশোধ করেন জিওভানি ডি লরেঞ্জো। এরপর শেষ মুহূর্তের নাটকীয়তা। সুইজারল্যান্ডের উলিসেস গার্সিয়া ইতালির দোমেনিকো বেরার্দিকে ধাক্কা দিলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। যদিও স্পট-কিকটি বারের ওপর দিয়ে মারেন তিনি।
সোমবার অবশ্য কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে ইতালি। সুইজাল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মানচিনির দল। তাই নিজেদের ম্যাচে জিতলেই সরাসরি উঠে যাবে বিশ্বকাপে।
বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার হ্যারি কেনের হ্যাটট্রিকে চড়ে আলবেনিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সোমবার শেষ ম্যাচে সান মারিনোর বিপক্ষে এক পয়েন্ট পেলেই কাতারের টিকিট নিশ্চিত করবে গ্যারেথ সাউথগেটের দল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড, সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের পিছু ধাওয়া করছে পোল্যান্ড, যারা শুক্রবার ৪-১ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে।
এদিন বাছাইপর্বে হাঙ্গেরি ৪-০ গোল সান মারিনোকে, ডেনমার্ক ৩-১ গোলে ফারো আইল্যান্ডকে, অস্ট্রিয়া ৪-২ গোলে ইসরায়েলকে, নর্দান আয়ারল্যান্ড ১-০ গোলে লিথুয়ানিয়াকে ও স্কটল্যান্ড ১-০ গোলে মলদোভাকে হারায়।










