আধুনিক ফুটবলে সবচেয়ে সফল খেলোয়াড়-কোচ যুগল তৈরি করেছিলেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা। বার্সেলোনায় একত্রে চার বছরের অধ্যায়ে এ দুজন ১৪টি শিরোপা জিতেছেন এবং ইউরোপিয়ান ফুটবলে এই যুগল এক যুগেরও বেশি সময় ধরে কর্তৃত্ব করে এসেছেন।
২০১২ সালে বার্সেলোনা ছেড়ে যান গার্দিওলা। এরপর তিনি কোচ ছিলেন বায়ার্ন মিউনিখ, এখন ম্যানচেস্টার সিটিতে। মাঝের এই সময় গার্দিওলার ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মেসির চেয়ে বেশি গোল আর কোনো খেলোয়াড় করতে পারেনিন।
দীর্ঘ সম্পর্ক আর মেসির অনবদ্য ফুটবল মেধার কারণেই তাকে সিটিকে আনতে চেষ্টা করেছিলেন গার্দিওলা। যদিও মেসি শেষ পর্যন্ত নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে। আজ এই ক্লাবের হয়েই গার্দিওলার ম্যানসিটির মুখোমুখি হবেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
‘এ’ গ্রুপের ম্যাচটি সামনে রেখে মেসির পিএসজি যাত্রা নিয়ে গার্দিওলা বলেছেন, এটা সবাইকে অবাক করেছে, কিন্তু যা ঘটার তা তো ঘটেছেই। এখন সবাই এটা মেনে নিয়েছে। অনেকদিন আগে আপনি এটা কল্পনাও করতে পারতেন না, কিন্তু এখন তা বাস্তব। জীবনেও আপনি জানেন না, কখন কী ঘটবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্যারিসে এখন সে সুখে আছে।
গার্দিওলা চান আজ মেসি খেলুক। তার কথায়, মেসির রেকর্ডই তার হয়ে কথা বলবে, আমার আর কিছু বলার প্রয়োজন নেই। সে যা করেছে তা অবিশ্বাস্য এবং আশাকরি, ফুটবলের মঙ্গলের জন্যই সে আগামীকাল (আজ) খেলবে।
গার্দিওলা বার্সার ‘বি’ টিম থেকে সিনিয়র টিমের দায়িত্ব পান ২০০৮-০৯ মৌসুমে। ওই মৌসুমেই ট্রেবল জয় করে কাতালানরা। সেবার মেসি করেন ৩৮ গোল, আর সব মিলে গার্দিওলার অধীনে করেন ২১১ গোল। গার্দিওলার বিদায়ী মৌসুমে (২০১১-১২) মেসি ৬০ ম্যাচে ৭৩ গোল করেন।
এ যুগল তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ (দুটিতেই ফাইনালে ম্যানইউকে হারিয়ে), দুটি কোপা ডেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং দুটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
সাবেক কোচকে নিয়ে মেসির মূল্যায়ন, পেপ দ্রুতই আমাদের কাজের মধ্যে প্রচণ্ড আকাঙ্খা, জয়ের ক্ষুধা আর গৌরব নিয়ে আসেন। প্রথম দিন থেকেই তিনি আমাদের আত্মবিশ্বাস জয় করে নিলেন, কেননা আমরা দেখেছি, তিনি যা করছেন তা সঠিক ছিল। এরপর ফলাফলও আসা শুরু হলো।
প্রিয় ক্লাব আর প্রিয় কোচের অধীনে এখন আর খেলেন না মেসি। জীবনটাও আর আগের মতো নেই। প্যারিসে নাম লেখালেও এখনো মাঠের সাফল্য আসেনি। ফিটনেস ইস্যু আর চোটের কারণে তিনি মাত্র তিনটি ম্যাচে খেলেছেন এবং ৯০ মিনিট পূর্ণ করেছেন মাত্র এক ম্যাচে। আর পিএসজির জার্সিতে এখনো গোলের দেখাও পাননি এই গোলমেশিন।
২৫ আগস্ট রেঁস এর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ২৫ মিনিট খেলার সুযোগ পেয়েছেন মেসি। ১৫ আগস্ট তার দল ক্লাব ব্রুগের মাঠে ১-১ গোলে ড্র করে বসে। চারদিন পর লিওঁর বিপক্ষে লিগ ম্যাচে ৭৬ মিনিটে মেসিকে উঠিয়ে নেয়ায় অসন্তোষ তৈরি হয়।
ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেন্স বলেন, ব্রুগস ও লিওঁর বিপক্ষে সে দুবার বারে লাগিয়েছে, মাত্র পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে গেলেই অবিশ্বাস্য দুটি গোল পেতে পারতো মেসি। অনেক প্রশ্ন উঠছে। কিন্তু মেসি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাকে উঠিয়ে নেয়া হয়েছে কিংবা বদলি হিসেবে নামানো হয়েছে। সে এখনো প্রত্যাশা পূরণ না করতে পারেনি, যা অনেকে মেনে নিতে পারছে না। কিন্তু আমার মনে হয়, গোল শিগগিরই আসবে।
আজই মেসি প্রথম গোল পাবেন বলে ভবিষ্যদ্বানী করলেন ইতালিয়ান ফুটবল বিশেষজ্ঞ জেমস হর্নক্যাসল। তিনি বলেন, মেসির প্রথম গোলের জন্য ম্যানসিটিই উত্কৃষ্ট দল। হয়তো এটাই নিয়তি, পেপ গার্দিওলা ও ম্যানসিটির বিপক্ষে সে প্রথম গোল পাবে।
‘এ’ গ্রুপের আজ অন্য ম্যাচে ক্লাব ব্রুগসের মুখোমুখি হবে জার্মান দল আরবি লিপজিগ।
এছাড়া ‘বি’ গ্রুপে এফসি পোর্তোর মাঠে খেলবে লিভারপুল, এসি মিলানের মাঠে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ; ‘সি’ গ্রুপে আয়াক্স ঘরের মাঠে খেলবে বেসিকতাসের বিপক্ষে, বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে যাবে স্পোর্টিং লিবসন; ‘ডি’ গ্রুপে শাখতার দোনেত্স্ক আতিথ্য দেবে ইন্টার মিলানকে, আর রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেলবে শেরিফ টিরাস্পলের বিপক্ষে।










