আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টি২০ সিরিজ জিতে নিল ভারত। আজ রোববার ইন্দোরে সফরকারীদের ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। মোহালিতে প্রথম ম্যাচও একই ব্যবধানে জিতেছিল রোহিত শর্মার দল।  

 

আগে ব্যাটিং করে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে ২৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যশস্বী জয়সাল ৩৪ বলে ৬৮ ও শিবাম দুবে ৩২ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলেন। ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল। ১৭ রানে ২ উইকেট নেন তিনি।

 

এর আগে গুলবাদিন নায়েব ৩৫ বলে ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলে আফগানিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩, মুজিব উর রহমান ২১ ও করিম জানাত ২০ রান করেন। আরশদীপ সিং ৩২ রানে ৩টি, অক্ষর ১৭ রানে ২টি ও রবি বিষ্ণয় ৩৯ রানে ২টি উইকেট নেন।

 

বুধবার বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ভারত সিরিজ জিতে নেয়ায় শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।