সাড়ে তিন বছর পর একই ড্রেসিংরুমে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে
এবার বার্সেলোনার নয়, ইন্টার মিয়ামির ড্রেসিংরুমে তাদের দেখা গেছে একসঙ্গে। যদিও তাদের
পুনর্মিলনীর প্রথম ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি।
শনিবার (২০ জানুয়ারি) প্রাক্–মৌসুম প্রস্তুতি
ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। এ ম্যাচে অভিষেক হয়েছে সাবেক
বার্সা তারকা লুইস সুয়ারেজের।
প্রাক–মৌসুমে সব মিলিয়ে সাতটি ম্যাচ খেলবে
ইন্টার মায়ামি। এল সালভাদর ছাড়াও মেসি–সুয়ারেজরা
ম্যাচ খেলবেন এফসি ডালাস, নেইমারের আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর,
হংকং একাদশ, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে।
ম্যাচের ৩৫তম মিনিটে এল সালভাদর গোলরক্ষক পোস্টের সামনে রুদ্রমূর্তি ধারণ করে মেসিকে পরপর দুবার ফিরিয়ে দেন। তা নাহলে গোলটা পেয়েই যেতেন লিও। মেসি ছাড়াও সুযোগ হাতছাড়া করেছেন জর্দি আলবা।
ম্যাচের ৪০তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও জাল খুঁজে পেতে ব্যর্থ
হন আলবা। এরপর প্রথমার্ধের শেষ দিকে ফ্রি-কিক থেকেও গোল করার সুযোগ ছিল মেসির। কিন্তু
সেটিও কাজে লাগাতে পারেননি সাবেক বার্সেলোনা তারকা। অন্যদিকে বল পায়ে সুয়ারেজও চেষ্টা
করেছেন। যদিও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি।
প্রীতি ম্যাচ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হয় মেসিসহ চার
মূল আকর্ষণকে। চার তারকা নেমে যাওয়ার পরও ইন্টার মায়ামি চেষ্টা করেছে গোল আদায়ের। পাল্টা
আক্রমণে জবাব দিয়েছে এল সালভাদরও। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল।
দীর্ঘদিন পর মাঠে নামার কারণেই হয়তো নিজের সেরাটা দিয়ে খেলতে পারেননি মেসি-সুয়ারেজ। তবে সামনের ম্যাচগুলোতে বার্সেলোনার সেই মেসি-সুয়ারেজকে দর্শকরা দেখতে পারবেন কিনা, সেটিই দেখার বিষয়।










