দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফিরল সেন্ট জেমস পার্কে। আর এ প্রত্যাবর্তনকে দারুণভাবে রাঙাল দলটি। বুধবার রাতে তারা ৪-১ গোলে হারিয়ে দেয় ইউরোপের অন্যতম সেরা দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। এটি আবার সৌদি আরবের কাছে কাতারের হার! রাজনৈতিকভাবে টানাপড়েন চলা এ দুটি দেশেরই মালিকানাধীন ক্লাব দুটি এদিন মুখোমুখি, যাতে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পিএসজি হেরে যায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন ক্লাব নিউক্যাসলের কাছে।

চ্যাম্পিয়ন্স লিগের এ ম্যাচ ঘিরে নিউক্যাসলের টাইনসাইডে তৈরি হয় অবিস্মরণীয় এক আবহের। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল সমর্থকরা নেচে-গেয়ে আনন্দ করেন। তাদের নিরাশ করেননি ম্যাগপাইরা। অথচ প্রতিপক্ষ দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টার। কিন্তু মাঠে ও মাঠের বাইরে যে প্রচণ্ড আবেগের স্রোত বয়ে যায় সেই স্রোতের তোড়ে ভেসে যায় পিএসজির শৌর্য। এডি হাউয়ের দল অনন্যসাধারণ এক জয় তুলে নেয়। ২০০৩ সালে বার্সেলোনার কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল নিউক্যাসল। তারপর নিউক্যাসলে এলিট ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচ ফিরে আসে গত বুধবার, যাতে স্বাগতিকরা ঐতিহাসিক জয় তুলে নেয়।

জয় শেষে নিউক্যাসল বস হাউ বলেন, ‘আমরা সত্যিই খুব আনন্দিত। আমার খেলোয়াড়দের অসাধারণ এক প্রচেষ্টা ছিল এদিন। এটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। লড়াইটা ছিল জমজমাট। আমরা চাপ তৈরির চেষ্টা করেছি, আর তারাও আমাদের প্রতিরোধ ভেঙে ফেলার চেষ্টা করে গেছে। আমরা কিছু সাফল্য পাই, যা আমাদের গোল এনে দেয়। কাজেই আমি খেলোয়াড়দের অঙ্গীকার নিয়ে খুবই আনন্দিত।’

এ রাতে নিউক্যাসলের চার গোলের একটি করেন শন লংস্টাফ। নিউক্যাসলে জন্মগ্রহণ করা এ খেলোয়াড় জয় শেষে বলেন, ‘মাঠে ও মাঠের বাইরের আবহ দেখেই আমরা বুঝে গিয়েছিলাম, এদিন বিশেষ কিছু ঘটবে। এ ম্যাচে আমি গোলও করেছি, যা আমার কাছে পরাবাস্তব মনে হয়। আমার আসলে অনুভূতি প্রকাশের যেন ভাষা নেই। নিউক্যাসলের একজন হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আমি যেন কল্পনার সুখরাজ্যে ভেসে বেড়াচ্ছি।’

২০০৩ সালে নিউক্যাসলে যখন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হয় তখন লংস্টাফের বয়স মাত্র পাঁচ বছর। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি গোল করে দলের জয়ে অবদান রেখে খুবই উচ্ছ্বসিত।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির আরবি লিপজিগকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। গোল করেন বদলি খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, জেরেমি ডকু ও ফিল ফডেন।

বার্সেলোনা ১-০ গোলে হারায় পর্তুগিজ দল এফসি পোর্তোকে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে বার্সাকে জেতান ফেরান তোরেস।

এদিন অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে ফেইনুর্ডকে ও লাৎসিও ২-১ গোলে সেলটিককে হারায়। মঙ্গলবার হেরে যায় ইংলিশ ক্লাব ম্যানইউ ও আর্সেনাল। ম্যানইউ ২-৩ গোলে তুরস্কের গ্যালাতাসারের মাঠে ও আর্সেনাল ১-২ গোলে ফরাসি দল লেনসের মাঠে হেরেছে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩-২ গোলের জয় তুলে নেয় নাপোলির মাঠে। ইতালির আরেক দল ইন্টার মিলান স্যান সিরোয় ১-০ গোলে হারায় বেনফিকাকে।