দক্ষিণ
আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টি২০ ম্যাচে জয় পায় বাংলাদেশের মেয়েরা। কিশোরী স্বর্ণা
আক্তার নেন ৫ উইকেট। তিন ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র করে নিগার সুলতানার দল। পরে ওয়ানডে
সিরিজের প্রথম ম্যাচটি দাপটে জিতেছে বাংলাদেশ। তাতে সিরিজ জয়ের আশা জাগে। যদিও প্রোটিয়ারা
টানা দুই ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় ম্যাচে ফারজানা হক পিংকিং দেশের ও নিজের দ্বিতীয়
ওয়ানডে সেঞ্চুরি করেন। ওই ম্যাচটিও জিততে পারেনি সফরকারীরা। সর্বশেষ শনিবার রাতে তৃতীয়
ম্যাচে বাংলাদেশকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় প্রোটিয়া নারীরা। ফলে দক্ষিণ
আফ্রিকা সফরের শেষটা রাঙানো হলো না নিগার, পিংকি, স্বর্ণাদের।
শনিবার
রাতে বেনোনিতে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের রেকর্ড জুটিতে
৪ উইকেটে ৩১৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এটা দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে
স্কোর। জবাবে বাংলাদেশ ৩১.১ ওভারে ১০০ রানে গুটিয়ে যায়। ১৮.৫ ওভার বাকি থাকতে ২১৬ রানের
বিশাল ব্যবধানে হার মানেন নিগাররা।
উলভার্ট
১৩৪ বলে ১২৬ ও তাজমিন ১২৪ বলে ১১৮ রান করেন। ওপেনিং জুটিতে তাদের গড়া ২৩৪ রান দক্ষিণ
আফ্রিকার হয়ে রেকর্ড। এটা উলভার্টের পঞ্চম ও চলতি বছর দ্বিতীয় সেঞ্চুরি, আর তাজমিন
করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া সুনে লুজ ১৭ বলে ৩৪ ও আন্নেকে বখস ১৯
বলে ২৮ রান করেন।
রান
পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ কোনো প্রতিরোধই গড়তে পারেনি। মাত্র তিনজন ছুঁয়েছেন দুই অঙ্ক।
রিতু মনি ৩৩, ফাহিমা খাতুন ১৫ ও নাহিদা আক্তার ১১ রান করেন। নাদিনে ডি ক্লার্ক ও আয়াবোঙ্গা
খাকা তিনটি করে ও মারিয়ান ক্যাপ দুটি উইকেট নেন।
প্রথম
ওয়ানডে ১১৯ রানের বড় ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। ২০২৩
সালটিও শেষ করল তারা জয় দিয়ে।










