টানা তিন জয়ের সুবাদে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে চলে গেল ব্রাজিল। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিলের যুবারা।

এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচে তিনটিতেই জয়ে তাদের পয়েন্ট ৯। চার ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর।

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দলই। তবে আক্রমণের বিবেচনায় অনেকটা এগিয়ে ছিল ব্রাজিলই। তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। গোলশূন্য ব্যবধানে বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে মিডফিল্ডার মারকাডোর গোলে এগিয়ে যায় ইকুয়েডর। পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল।

ম্যাচের ৬৫তম মিনিটে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার মারলন। সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। যার ফল পেতে সময় লাগেনি। ম্যাচের ৭৫তম মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান পিরানী। তার এ গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেনেজেসের দল।