সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আজ প্রাক-মৌসুম ম্যাচে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার্স। এটিই হতে যাচ্ছে স্পার্সদের হয়ে সন হিউং-মিনের শেষ ম্যাচ। নিজ দেশে ম্যাচ খেলে স্পার্সদের বিদায় বলার দারুণ উপলক্ষ পেয়েছেন তিনি।
গতকাল সিউলে সংবাদ সম্মেলনে টটেনহামের প্রতি ভালোবাসা জানিয়ে সন বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন, সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্পবয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এ ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’
২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে এশিয়ান রেকর্ড ২ কোটি ২৫ লাখ পাউন্ডে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন সন। সেই থেকে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭৩ গোল। গত মৌসুমে ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে টটেনহ্যাম, এ জয়ে সনের ছিল গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্য দিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় স্পার্সরা। এছাড়া ২০১৯ সালে স্পার্সদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন তিনি।
৩৩ বছর বয়সে তিনি বিদায় নিচ্ছেন। স্পার্সদের হয়ে ১৯৮২ সালে এফএ কাপ ও ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতা মিকি হ্যাজার্ড বলেন, ‘যে খেলোয়াড়টি ক্লাবটিকে এত কিছু দিয়েছে আমরা তাকে ভালোবাসি। সন এ ক্লাবটিতে সব সময় শ্রদ্ধা পাবে। যখন সে প্রথম এল তখন তার সম্পর্ক কিছু জানতাম না। ১০ বছর পর সে কিংবদন্তি হিসেবে বিদায় নিচ্ছে।’










