গত ৯ অক্টোবর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে যোগ করা সময়ের ১১তম মিনিটে গোল খেয়ে হংকংয়ের কাছে হেরে বসে বাংলাদেশ। আরেকবার তীরে এসে তরি ডুবল লাল-সবুজদের। গতকাল একই মাঠে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হলেন হামজা চৌধুরীরা।
২৯তম মিনিটে সুমিত শ্রেষ্ঠার কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ (১-০)। অপেক্ষার পালা শেষে বিরতির পর প্রথম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপন্মুক্ত করতে চাইলেও বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বল দুর্দান্ত ওভারহেড কিকে জালে পাঠান হামজা (১-১)। সমতা আনার ৩ মিনিট পর আবারো গোল উৎসব স্বাগতিকদের। ৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। পানেনকা শটে দারুণ গোল করেন লেস্টার সিটির এ খেলোয়াড়।
২০২০ সালের ১৩ নভেম্বরের পর নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। পাঁচ বছর পর আজ জয়ের সুবর্ণ সুযোগ এলেও শেষ মুহূর্তের ভুলে তা হাতছাড়া হয়ে গেল। ৯৩তম মিনিটের গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।










