ইউরোপের ঘরোয়া লিগে রোববার রাতে জয় তুলে নিয়েছে জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানসিটির মতো শীর্ষ দলগুলো।
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর দিয়ে ইতালিয়ান সিরি-এ লিগে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৩১ মিনিটে অ্যারন রামসির পাস থেকে দলের প্রথম গোল করেন রোনালদো। ফেদেরিকো চিয়েসো ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রোনালদো। ১১ ম্যাচে ১৪ গোল নিয়ে এবারের লিগে সর্বোচ্চ স্কোরার পর্তুগিজ সুপারস্টার।
যোগ করা সময়ে উদিনেসকে সান্ত্বনার গোল এনে দেন মারভিন জিগেলার। যদিও একটু পরই গোল করে ফের ব্যবধান বাড়ান জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।
এ জয়ে লিগ লিডার এসি মিলানের সঙ্গে ব্যবধান কমিয়ে ১০ করল জুভেন্টাস। ১৫ ম্যাচে মিলানের ঝুলিতে ৩৭ পয়েন্ট, ১৪ ম্যাচে জুভেন্টাসের ২৭। ইন্টার মিলান ৩৬ পয়েন্ট নিয়ে তিনে ও ২৮ পয়েন্ট নিয়ে ন্যাপোলি চারে। রোববার এসি মিলান ২-০ গোলে বেনেভেন্তোকে, ইন্টার ৬-২ গোলে ক্রোটোনকে, ন্যাপোলি ৪-১ গোলে ক্যালিয়ারিকে হারায়।
এদিকে দলে ফিরেই বার্সেলোনাকে জেতালেন লিওনেল মেসি। যদিও গোল করে নেয়, গোল তৈরি করে দিয়ে। রোববার রাতে তলানির দল উয়েস্কার বিপক্ষে বার্সেলোনা জিতেছে ১-০ গোলে। ম্যাচের ২৭ মিনিটে ফ্রেংকি ডি ইয়াংকে দিয়ে গোলটি করিয়েছেন মেসি।
প্রথমার্ধে আধিপত্য করেই গোলটি আদায় করে নেয় বার্সেলোনা। এই অর্ধেই মেসির ফ্রি-কিক গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। এদিকে দ্বিতীয়ার্ধে অত্যন্ত কাছ থেকে গোল করতে ব্যর্থ হন উয়েস্কার রাফা মির। যদিও শ্রেয়তর দল হিসেবে জয় বার্সারই প্রাপ্য, যে দলের ওসমান ডেম্বেলে ও পেদ্রিদের শট রুখে দেন উয়েস্কার গোলকিপার আলভারো ফার্নান্দেজ।
রবিবার রাতের এই ফল বার্সাকে লা লিগার পয়েন্ট টেবিলে তুলে আনে পঞ্চম স্থানে, যদিও শীর্ষ দল অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে এখনো ১০ পয়েন্ট দূরে তারা। অন্যদিকে রেলিগেশন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট দূরে উয়েস্কা।
রবিবার অ্যালাভেসকে ২-১ গোলে হারানো অ্যাতলেটিকো ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, ১৬ ম্যাচ খেলে বার্সার সংগ্রহ ২৮ পয়েন্ট। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
জার্মান বুন্দেসলিগায় মেইঞ্জকে ৫-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডভস্কি করেন জোড়া গোল। এছাড়া জসুয়া কিমিখ, লেরয় সানে ও নিকলাস সুলে গোল করেন। এ রাতে ভল্ফসবুর্গকে ২-০ গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের পাঁচে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইকাই গুন্দোয়ান, ফিল ফডেন ও কেভিন ডি ব্রুইন সিটিজেনদের হয়ে গোল করেন। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সিটি। যদিও তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে চারে টটেনহাম ও দুই ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ১৬ ম্যাচে সমান ৩৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
সূত্র: বিবিসি










