ইউএস ওপেন কাপের সেমিফাইনালে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট ও টাইব্রেকারের এক গোলে সেমিফাইনালে উঠল ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিনসিনাটিকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মেসির ক্লাব। খবর এপি।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতের এ ম্যাচে ১৮ মিনিটে লুসিয়ানো অ্যাকোস্তা ও ৫৩ মিনিটে ব্রান্ডন ভাসকেজের গোলে এগিয়ে যায় সিনসিনাটি। এখান থেকে মেসির দুই অ্যাসিস্টে লিওনার্দো কাম্পানার গোলে ঘুরে দাঁড়ায় মিয়ামি।

৯৩ মিনিটে মিয়ামিকে ৩-২ গোলে এগিয়ে দেন হোসেফ মার্তিনেজ। কিন্তু অতিরিক্ত সময়ে ১১৪ মিনিটে সিনসিনাটির মিডফিল্ডার ইয়ুয়া কুবোর শটে ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-৩। রোমাঞ্চকর এই ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।

টাইব্রেকারে সিনসিনাটির হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন কুবো। মিয়ামির হয়ে প্রথম শটটি নেন মেসি। বাঁ পাশের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। টাইব্রেকারের স্কোর যখন ৪-৪ গোলে সমতা তখনই মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। বেঞ্জামিন ক্রেমাশি এসে গোল করে টাইব্রেকারে মিয়ামিকে ৫-৪ ব্যবধানের জয় এনে দেন।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপের মুকুটে নেতৃত্ব দিয়েছিলেন। মিয়ামিতে এসে সাত ম্যাচে করেছেন ১০ গোল। দলকে জিতিয়েছেন লীগ কাপ শিরোপা। নিউইয়র্ক রেড বুলসে আগামী শনিবার (২৬ আগস্ট) মেজর লিগ সকারে অভিষেক হবে ফুটবল জাদুকারের।