মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তীরে গিয়ে তরী ডোবে নিগার সুলতানার দলের। সেই ভুলটি আজ আর করেনি স্বাগতিক দলের মেয়েরা। একই মাঠে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সান্ত্বনাসূচক এই জয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করল নিগারের দল।

 

টি২০ ক্রিকেটে ১৬ বারের চেষ্টায় এ নিয়ে তৃতীয়বার ভারতকে হারাতে পারল বাংলাদেশ।

 

বাংলাদেশের জয়ের কারিগর বোলিং বিভাগ। আগে ব্যাটিংয়ে নামা ভারত স্বাগতিকদের শক্ত স্পিন বোলিংয়ে সামনে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান তুলতে সমর্থ হয়। হারমানপ্রিত কাউর ৪০, জেমিমা রদ্রিগেজ ২৮ রান করেন। অতিথিরা ১১ রানের মধ্যে শেষ ছয়টি উইকেট হারায়। রাবেয়া খান ১৬ রানে তিনটি, সুলতানা খাতুন ১৭ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার।

 

জবাব দিতে নেমে শামীমা সুলতানার ব্যাটে (৪৫ বলে ৪২) ভর করে ১০ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। নিগার ২০ বলে ১৪, সুলতানা খাতুন ৮ বলে ১২ ও নাহিদা ৬ বলে ১০ রান করেন। শেষ দিকে সংকট তৈরি হলে দ্রুত রান তুলে দলের জয় নিশ্চিত করেন নাহিদা ও সুলতানা। দেবিকা বৈদ্য ও মিন্নু মানি দুটি করে উইকেট নেন।

 

এবার ৫০ ওভারের লড়াই। রোববার এই মাঠেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।