জমে উঠেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্রিসবেন টেস্ট। দ্বিবারাত্রির এই টেস্টটি জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২ উইকেট, আর অস্ট্রেলিয়ার চাই আরো ২৯ রান। ক্যারিবিয়ানদের জয়ের পথে বাধা এখন শুধুই স্টিভেন স্মিথ। ৭৬ রানে অপরাজিত আছেন দলটির সবচেয়ে সিনিয়র এই ব্যাটার, তার সঙ্গে ৫ রানে অপরাজিত স্পিনার নাথান লায়ন। ২১৬ রানের টার্গেটে ব্যাট করা অজিরা ৮ উইকেটে ১৮৭ রান নিয়ে আজ চতুর্থ দিন নৈশভোজের বিরতিতে গিয়েছে।

 

শনিবার তৃতীয় দিন অজিদের সামনে ২১৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ২ উইকেটে ৬০ রান করে তৃতীয় দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৮ উইকেট হাতে নিয়ে তাদের প্রয়োজন ছিল আরো ১৫৬ রান। স্মিথ ৩৩ রানে ও ক্যামেরন গ্রিন ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ রোববার চতুর্থ দিন প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে বোর্ডে ১২৭ রান যোগ করে অজিরা। এ পথে তারা হারিয়েছে ৬ উইকেট।

 

তৃতীয় দিন উসমান খাজাকে আউট করা পেসার শামারাহ জোসেফ আজ নিয়েছেন আরো ৫ উইকেট। তিনিই ম্যাচটি জমিয়ে দিয়েছেন। তবে কৃতিত্ব শুধুই তার একার নয়, স্মিথকেও দিতে হবে। এই দুজনের মধ্যে লড়াইটা ছিল যেন সাপে-নেউলের। তাইতো ১০ ওভারে ৬০ রান খরচ করতে হয়েছে গায়ানার ছেলে জোসেফকে। দলের বিপর্যয়ের মধ্যেও আগ্রাসী ব্যাটিং করে যান স্মিথ। তিনি ১৩৪ বলে ৮ বাউন্ডারিতে ৭৬ রান করেন।

 

এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্টে ১০ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।