ক্যান্সারের কাছে হার মানলেন মাশরাফি তাসকিনদের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সী এ ক্রিকেটার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় তার মৃত্যু হয়। সেখানে তার লিভার ও কোলন ক্যানসারের চিকিৎসা চলছিল। 
জিম্বাবুয়ের সাবেক বোলার ও ধারাভাষ্যকার হেনরি ওলেঙ্গা বুধবার (২৩ আগস্ট) সামাজিক মাধ্যমে স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘খারাপ খবর পেলাম। হিথ স্ট্রিক পরপারে চলে গেছে। শান্তিতে থেকো কিংবদন্তি। তুমি আমাদের দেশের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল যখন শেষ হবে, তখন পরপারে দেখা হবে তোমার সঙ্গে।’
গত মে মাসে হিথ স্ট্রিকের শরীরে ক্যান্সার ধরা পড়ে। কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত স্ট্রিককে চিকিৎসার জন্য তাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে হিথ স্ট্রিকের অভিষেক হয়। জিম্বাবুয়ের জার্সিতে তিনি ১৮৯ ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে সাবেক এই জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।
একদিনের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।
খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেলদের-মুস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করে। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমি, ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং একই বছর আফগানিস্তান প্রিমিয়ার লীগে কাবুল জওয়ানানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।