সিলেট
টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট ছুড়ে দিয়ে একশ রানের আগেই অতিথিদের ৬
উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৩ উইকেট। এ
প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ছিল ৩৫ ওভারে ৬ উইকেটে ৮১ রান। ড্যারিল মিচেল ২৮
ও কাইল জেমিসন শূন্য রানে ব্যাট করছিলেন।
আজ
সকালে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩৩৮ রানে অলআউট
হয়ে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ১০৫ রান। প্রথম বাংলাদেশী হিসেবে
নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা শান্ত আজ নামের পাশে আর মাত্র ১ রান যোগ করে টিম
সাউদির শিকার হয়ে ফেরেন সাজঘরে। তিনি টম ব্লান্ডেলকে ক্যাচ দেন।
এছাড়া
৪৩ রান দিয়ে দিন শুরু করা মুশফিকুর রহিম থেমেছেন ৬৭ রানে। আর শেষ দিকে মেহেদী
হাসান মিরাজ ৭৬ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। কিউই
স্পিনার আজাজ প্যাটেল চারটি ও ইস সোধি দুটি উইকেট নেন।
এরপর
৩৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরিফুল ইসলামের শিকার হন কিউই
ওপেনার টম ল্যাথাম। তিনি উইকেটকিপার নুরুল হাসানকে ক্যাচ দেন। দশম ওভারের শেষ বলে
কেন উইলিয়ামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ১৩তম ওভারে মিরাজের আঘাতে
পতন ঘটে হেনরি নিকোলসের। তিনি ক্যাচ তুলে দেন নাঈম হাসানকে।
৩
উইকেটে ৩৭ রান নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। ফেরার পর দ্রুতই ডেভন কনওয়েকে
ফেরান তাইজুল। শাহাদাত হোসেন দিপুকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। এরপর টম
ব্লান্ডেল মাত্র ৬ রান করে তাইজুলের শিকার হন।
৩৫তম
ওভারে ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম হাসান। রিভিউ নিয়ে সফলতা পায়
বাংলাদেশ (৮১/৬।










