বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বহুল প্রত্যাশিত বোর্ড পরিচালকদের এ নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। একইদিন রাতে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬-২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যাচাই-বাছাই এবং প্রাথমিক তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আগামী ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন সন্ধ্যা ৬টার ফলাফল ঘোষণা করা হবে। এদিন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা আছে।
বিসিবির নির্বাচনে মোট ২৫ জন বোর্ড পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে। বিসিবি পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দেবেন।
এরই মধ্যে বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর বাইরে কেউ এখনো বিসিবি সভাপতি পদের নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেননি।










