আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ম্যাচ খেলেই তিনি ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন। টেস্ট থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। এবার টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন। শনিবার হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলে তিনি অবসর নেবেন। যদিও বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

আগামীকাল বুধবার দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এটি সামনে রখে আজ সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিয়ে বসেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। কোচ, অধিনায়ক, নির্বাচক ও বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেয়ার। আমার জন্য ও পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

বাংলাদেশের হয়ে রেকর্ড ১৩৯ টি-টোয়েন্টি খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৯৫ রান করেছেন মাহমুদউল্লাহ। সর্বোচ্চ ২ হাজার ৫৫১ রান করেছেন সাকিব আল হাসান। উইকেট নিয়েছেন ৪০টি।

বাংলাদেশের সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৭ সালে অভিষিক্ত মাহমুদউল্লাহ। তিনি খেলেন ১৩৯ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। একশর বেশি ম্যাচ খেলেছেন আর শুধু মুস্তাফিজুর রহমান (১০৪) ও মুশফিকুর রহিম (১০২)।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া রেকর্ডও মাহমুদউল্লাহ। সাকিব নেতৃত্ব দেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ম্যাচ।