তিনবারের চ্যাম্পিয়ন স্পেন চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আরেকবার হারতে হারতে জিতে গেল।  শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে লুই এনরিকের দল।  

ষষ্ঠ র‌্যাংকধারী স্পেন এর আগে শেষ ষোলোয় ক্রোয়েশিয়াকে হারিয়েছে অতিরিক্ত সময়ের খেলায়। সেবার তারা ৫-৩ গোলের জয় পায়। এবার শেষ আটেও কঠিন পরীক্ষা দিতে হলো এনরিকের দলকে। 

৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় স্পেনকে জিততে দেয়নি সুইসরা। যদিও টাইব্রেকারে তিনটি শট মিস করার চড়া মূল্য দিয়ে বিদায় নিতে হলো এবারের আসর থেকে। স্পেনও দুই শট মিস করে। যদিও মিকেল ওয়ারজাবাল পঞ্চম শটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়ার আত্মঘাতী গোলে লিড পায় স্পেন। অষ্টম মিনিটে জর্ডি আলবার শট তার গায়ে গেলে দিক পাল্টে সুইজারল্যান্ডের জালে জড়ায়। অধিনায়ক জেরদান শাকিরির গোলে ৬৮ মিনিটে সমতা আনে সুইসরা। যদিও এর ৯ মিনিট পর শাকিরির সতীর্থ রেমো ফ্রিউলার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে। তবু অদম্য সুইসরা একটুও দমেনি, স্পেনকে গোলও করতে দেয়নি। অতিরিক্ত সময়েও ম্যাচের মীমাংসা না হওয়ায় সাহায্য নিতে হয় টাইব্রেকারের। 

বেলজিয়াম ও ইতালির ম্যাচ চলছিল। এ ম্যাচের বিজয়ী সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে।